Sidhu Moose wala: পূর্ণ হল খালি কোল, জন্ম নিল সিধু মুসেওয়ালার ভাই – Bengali News | Late punjabi singer sidhu moose walas mother gives birth to son father shares picture
চণ্ডীগঢ়: গ্যাংস্টারের গুলিতে অকালে মৃত্যু হয়েছিল পঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালার। দুই বছর পর তাঁর পরিবারে অবশেষে এল খুশির হাওয়া। সন্তানের জন্ম দিলেন সিধু মুসেওয়ালার মা। শনিবার সিধু মুসেওয়ালার বাবা বলকৌর সিং নবজাতকের ছবি শেয়ার করেন ইন্সটাগ্রামে। ছবির পিছনে সিধু মুসেওয়ালার বাঁধিয়ে রাখা ছবিও দেখা যায়।
প্রয়াত পঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালার বাবা বলকৌর সিং (৬০) ইন্সটাগ্রামে নবজাতকের ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি বলেন, “লক্ষাধিক মানুষ যারা শুভদীপকে ভালবাসতেন, তাদের আশীর্বাদে ঈশ্বর শুভর ছোট ভাই এসেছে। ওয়াহে গুরুর আশীর্বাদে আমাদের পরিবার সুস্থ রয়েছে। সকল শুভাকাক্ষ্মীকে অশেষ ধন্যবাদ।”
প্রসঙ্গত, সিধু মুসেওয়ালার মা চরণ কৌর চলতি বছরেই আইভিএফ পদ্ধতিতে সন্তান ধারণ করেন।
২০২২ সালের ২৯ মে পঞ্জাবের মানসা জেলায় খুন হন সিধু মুসেওয়ালা। গায়ক তথা রাজনীতিবিদ তাঁর দুই বন্ধুকে নিয়ে বেরিয়েছিলেন। আচমকাই আততায়ীরা তাঁর গাড়ির উপরে হামলা চালায়। গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলেও, দুষ্কৃতীদের গুলিতে ঝাঝরা হয়ে যান সিধু মুসেওয়ালা। ঘটনার পর কানাডায় বসবাসকারী ওয়ান্টেড গ্যাংস্টার গোল্ডি ব্রার এই হত্যার দায় স্বীকার করে নেন। পুলিশ এখনও গোল্ডি ব্রারের নাগাল পায়নি।