Pakistan Cricket: মাইনে আটকে প্লেয়ারদের, বেহাল স্টেডিয়াম, তাও ওয়াটসনকে ১৭ কোটির প্রস্তাব পিসিবির – Bengali News | No money to pay players and many stadium are not in good shape in Pakistan despite this PCB offers RS 17 Cr salary for Shane Watson to coach Pakistan Cricket Team
মাইনে আটকে প্লেয়ারদের, বেহাল স্টেডিয়াম, তাও ওয়াটসনকে ১৭ কোটির প্রস্তাব পিসিবির
কলকাতা: পাক ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) আর্থিক দুরবস্থার কথা এখন আর কারও অজানা নয়। গত কয়েকদিন ধরে বার বার শোনা গিয়েছে, পাকিস্তান ক্রিকেট টিমের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন শেন ওয়াটসন (Shane Watson)। কিন্তু তিনি পিসিবির এই প্রস্তাব গ্রহণ করবেন কিনা, তা নিয়ে দোটানায় রয়েছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, অস্ট্রেলিয়ায় পরিবারকে ছেড়ে পাকিস্তানে আসতে চাইছেন না শেন ওয়াটসন। আর পিসিবি তাঁকেই কোচ করতে চাইছে। বাবর আজমদের ক্রিকেট বোর্ড চাইছে শেন ওয়াটসন যেন বেশি সময় পাকিস্তানে কাটান এবং সেখানকার ক্রিকেটারদের উন্নত করতে সাহায্য করেন। অজি প্রাক্তন তারকাকে ১৭ কোটি টাকা বেতনের প্রস্তাব দিয়েছে পিসিবি। যার ফলে বিরাট আলোচনা চলছে পাক ক্রিকেট মহলে।
পাকিস্তানের একাধিক স্টেডিয়ামের বেহাল দশা। ক্রিকেটাররা সঠিক সময়ে বেতন পান না। বহু ক্রিকেটারের মাইনেও নাকি আটকে। এমন নানা অভিযোগ বার বার উঠেছে। এই পরিস্থিতিতে এত বেশি বেতন দিয়ে শেন ওয়াটসনকে পাক ক্রিকেট টিমের কোচ করার প্রস্তাব মেনে নিতে পারছেন না অনেক পাক ক্রিকেট প্রেমী। এই মুহূর্তে পাক ক্রিকেট প্রেমীরা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। একদল, শেন ওয়াটসনকে কোচ বানানোর পক্ষে। আর অপর দল পিসিবির সিদ্ধান্তের বিপক্ষে।
Shane Watson has been approached by the PCB to coach Pakistan team. pic.twitter.com/VdhUcLpY4v
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 10, 2024
এর আগে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আক্রম পাক ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। পাকিস্তানের একাধিক স্টেডিয়ামের খারাপ হাল নিয়েও তিনি সরব হয়েছিলেন। কিন্তু তারপরও পিসিবি স্টেডিয়াম সংস্কারের পথে হাঁটেনি। এই পরিস্থিতিতে এ বার শেন ওয়াটসনকে নেওয়ার মরিয়া চেষ্টা করছে পিসিবি। পাক ক্রিকেটের ইতিহাসে এত বেশি টাকার বেতন পেয়ে কেউ অতীতে কোচিং করাননি। সেই দিক থেকে দেখতে হলে, শেন ওয়াটসন যদি পিসিবির অফার গ্রহণ করেন, তা হলে তিনি হবে পাকিস্তানের সবচেয়ে দামি কোচ।