IPL: ‘আইপিএলে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ত বিরাট-রোহিতরা, যদি…’, কী ভাবে সম্ভব হত এমনটা? – Bengali News | Ex CSK Star Robin Uthappa says Jasprit Bumrah, Virat Kohli, Others Will Get Rs 100 Crore In IPL If There’s No Purse Cap
IPL: ‘আইপিএলে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ত বিরাট-রোহিতরা, যদি…’, কী ভাবে সম্ভব হত এমনটা?
কলকাতা: এক, দুই কোটি তো নয়ই, আর ১০-২০ কোটিও নয়, আইপিএলের (IPL) ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্ক কেকেআর থেকে পেয়েছেন ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা। দুবাইতে টাকার ঝড় উঠেছিল অজি তারকা স্টার্কের জন্য। বেশ কয়েকটি টিমকে পিছনে ফেলে নিলাম টেবলে বাজিমাত করে গৌতম গম্ভীরের কলকাতা নাইট রাইডার্স। কয়েক মুহূর্তের ব্যবধানে অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে টপকে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হন প্যাট কামিন্স। আসন্ন আইপিএলের জন্য সানরাইজার্স হায়দরাবাদ কামিন্সকে ২০ কোটি ৫০ লক্ষ টাকায় টিমে নিয়েছে। ১৭তম আইপিএলের আগে চেন্নাই সুপার কিংসের এক প্রাক্তন ক্রিকেটার বলেছেন, আইপিএলে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়তে পারবেন বিরাট কোহলি, জসপ্রীত বুমরারাও। একটা মাত্র নিয়ম থাকলেই সেটা সম্ভব হত। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আইপিএল থেকে দেশ-বিদেশের ক্রিকেটাররা প্রচুর অর্থ উপার্জন করেন। সম্প্রতি চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর মতে কোন ১০ ভারতীয় ক্রিকেটার আইপিএল থেকে ১০০ কোটির কাছাকাছি বেতন পেতেন। উথাপ্পার কথায়, ‘যদি মুক্ত নিলাম হত এবং পার্সে টাকার একটা লিমিট না থাকত তা হলে ছবিটা অন্যরকম হত। ধরুন যদি একটা করে ফ্র্যাঞ্চাইজি ১০০০ কোটি কিংবা ৫০০ কোটি টাকা নিয়ে নিলামে নামতে পারত, তা বলে আমরা ১০ জন এমন ক্রিকেটার পেতাম, যাঁরা ১০০ কোটির বেশি টাকা পেত আইপিএল থেকে। এই তালিকায় থাকবে জসপ্রীত বুমরার নাম, বিরাট কোহলি, রোহিত শর্মার নামও। হার্দিক পান্ডিয়াও রয়েছে এই তালিকায়। রবীন্দ্র জাডেজা, কেএল রাহুলরাও রয়েছে। ঋতুরাজ গায়কোয়াড়ও ৮০ থেকে ১০০ কোটি টাকার মতো আইপিএল থেকে পেয়ে যেত। শুভমন গিল এবং যশস্বী জয়সওয়ালরাও ১০০ কোটি বা তার থেকে বেশি টাকা পেত।’
আইপিএলে ২০০৮ সালে মুম্বই ইন্ডিয়ান্স টিমে ডেবিউ হয়েছিল রবিন উথাপ্পার। ২০২২ সাল অবধি আইপিএলে খেলেছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস ছাড়া কেকেআর, রাজস্থান এবং পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার হয়ে অতীতে আইপিএলে খেলেছেন।