India vs England: শুক্র-সকালে ডাবল ধামাকা! রোহিত-গিলের বিধ্বংসী সেঞ্চুরিতে মুখরিত ধরমশালা – Bengali News | Rohit Sharma and Shubman Gill hits century against England in 5th Test at Dharamsala
India vs England: শুক্র-সকালে ডাবল ধামাকা! রোহিত-গিলের বিধ্বংসী সেঞ্চুরিতে মুখরিত ধরমশালা
কলকাতা: হিটম্যান ও ভারতীয় ক্রিকেটের প্রিন্স ধরমশালায় সুপারহিট। চলতি সিরিজে ভারত অধিনায়ক রোহিত শর্মা ও তিনে নামা শুভমন গিল এই নিয়ে দ্বিতীয় সেঞ্চুরি করলেন। রোহিত-শুভমনের এই জোড়া সেঞ্চুরিতে জমে গেল ধরমশালা টেস্ট। সিরিজের পঞ্চম তথা অন্তিম টেস্ট শুরু হওয়ার আগে দেশের একাধিক প্রাক্তন ক্রিকেটাররা বলেছিলেন, এই ম্যাচ রোহিত ব্রিগেডের হালকা ভাবে নেওয়া উচিত নয়। আজ, শুক্রবার ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন। রোহিত শর্মারা প্রমাণ করে দিচ্ছেন সিরিজ ভারতের হয়ে গিয়েছে বলে তাঁরা কোনও ভাবেই এই ম্যাচ হালকা নিচ্ছেন না। প্রথম দিন রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদবদের দাপটে শেষ হয়েছিল ইংল্যান্ডের ইনিংস। দ্বিতীয় দিন আপাতত প্রথম ইনিংসে লিড নিয়েছে টিম ইন্ডিয়া।
ধরমশালা টেস্টের প্রথম দিন টিম ইন্ডিয়ার স্কোরবোর্ডে ছিল ১ উইকেটে ১৩৫ রান। ৫২ রানে অপরাজিত ছিলেন রোহিত শর্মা আর ২৬* শুভমন গিল। দ্বিতীয় দিন আধ ঘণ্টা খেলা হতেই শুভমন অর্ধশতরান পূরণ করে ফেলেন। দেখতে দেখতে দ্বিতীয় উইকেটে ১০০-র বেশি রানের পার্টনারশিপ গড়ে ফেলেন রোহিত-শুভমন।
ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে এক এক করে পরপর দুই ওভারে রোহিত শর্মা ও শুভমন গিল তিন অঙ্কের রানে পৌঁছে যান। ১৫৪ বলে শতরান পূর্ণ করেন রোহিত। এরপর ১৩৭ বলে শতরানে পৌঁছান শুভমন। ব্যাক টু ব্যাক দুই ভারতীয় তারকার সেঞ্চুরিতে মুখরিত হয় ধরমশালা। ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা টেস্টে এই নিয়ে ১২তম সেঞ্চুরি করলেন। আর শুভমনের টেস্ট কেরিয়ারের এটি চতুর্থ শতরান।