সার্ভাইকাল ক্যানসার কেড়ে নিল প্রাণটা, ৪৭ বছর বয়সে প্রয়াত এই অভিনেত্রী – Bengali News | Television actress dolly sohi dies of cervical cancer on woman’s day
‘ঝনক’, ‘ভাবি’র মতো হিন্দি সিরিয়ালে অভিনয় করেছিলেন অভিনেত্রী ডলি সোহি। শুক্রবার (৮ মার্চ, ২০২৪) প্রয়াত হয়েছেন ৪৭ বছরের ডলি। ডলির ভাই মনপ্রিত দুঃসংবাদ জানিয়েছেন শুক্রবার সকালেই। সার্ভাইক্যাল ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ডলি। ৬ মাসের লড়াই। তারপর সব শেষ।
কাকতালীয়ভাবে ডলি যেদিন মারা গেলেন, সেদিন দেশ জুড়ে পালিত হচ্ছে নারী দিবস। সার্ভাইকাল ক্যানসার হয় মহিলাদেরই। সঠিক সময়ে ভ্যাকসিন নিলে রোধ করা যেতে পারে এই ক্যানসারকে। সেই নিয়ে সচেতনতাও গড়ে উঠেছে সাম্প্রতিককালে। ডলির ভাই মনপ্রিত সংবাদ মাধ্যমের সঙ্গে দুঃসংবাদ ভাগ করে বলেছেন, “ও আর নেই। আজ ভোর রাতে ৪টের সময় হাসপাতালেই মারা গিয়েছেন আমার দিদি। ওর সার্ভাইকাল ক্যানসার হয়েছিল। শেষের দিকে ফুসফুসেও ছড়িয়ে পড়েছিল সেই ক্যান্সারটি। গতকাল রাতেই ওকে আমরা হাসপাতালে ভর্তি করেছিলাম। শারীরিক অবস্থার অবনতি হয়েছিল।”
এই খবরটিও পড়ুন
ডলির পরিবার এখন দুটি শোকের মধ্যে রয়েছে। ডলির মৃত্যুর এক রাত আগেই তাঁর বোন অমনদীপ সোহি মারা গিয়েছে। জন্ডিস হয়েছিল তাঁর। মনপ্রিত পরপর দুই দিদিকে হারিয়ে ভেঙে পড়েছেন ভীষণভাবে। বলেছেন, “আমার দিদি অমনদীপও মারা গিয়েছে বৃহস্পতিবার (৭ মার্চ, ২০২৪)। তার জন্ডিস হয়েছিল।”