Shubman Gill: IPL ট্রফির স্বপ্নে বিভোর শুভমন, কোন মন্ত্রে সাফল্যের স্বাদ পেতে চান? – Bengali News | Gujarat Titans skipper Shubman Gill reveals his believe mantra ahead of IPL 2024
IPL ট্রফির স্বপ্নে বিভোর শুভমন, কোন মন্ত্রে সাফল্যের স্বাদ পেতে চান?
কলকাতা: বছর দুয়েক আগে যখন আইপিএলের মঞ্চে আত্মপ্রকাশ হয়েছিল দুটো নতুন দলের, তখন অনেকেই ভেবেছিল বেশিদূর যাবে না দল ২টো। কিন্তু আইপিএলের অভিষেক মরসুমেই সকলকে চমকে দিয়েছিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্সই সেই ফ্র্যাঞ্চাইজি যারা হার্দিক পান্ডিয়ার উপর আস্থা রেখেছিল। সেই আস্থার মান রেখেছিলেন হার্দিকও। আইপিএলে যে দলটার এক বছরও বয়স হয়নি, তারা জিতেছিল ২০২২ সালের খেতাব। হার্দিক এখন আর গুজরাটের নেতা নন। ২ বছরের গুজরাট দলের নতুন নেতা শুভমন গিল (Shubman Gill)। তিনি আবার আইপিএল ট্রফির স্বপ্নে বিভোর।
আইপিএলে কোন মন্ত্রে সাফল্য পেতে চান শুভমন গিল?
সম্প্রতি আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে এক সাক্ষাৎকারে শুভমন গিল জানিয়েছিলেন, কোন মন্ত্রে গুজরাট টাইটান্স টিম প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল। বিশ্বাসের থেকে বড় কিছু হয় না। সেই বিশ্বাসে ভর করেই খেতাব জয়ের লক্ষ্যে অবিচল ছিল গুজরাট। ২৪ মার্চ এ বারের আইপিএল যাত্রা শুরু করবে গুজরাট টাইটান্স। প্রতিপক্ষ গুজরাটের প্রাক্তন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স।
স্টার স্পোর্টসে শুভমন গিল বলেছেন, ‘যখন কোনও টুর্নামেন্ট শুরু হয় তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল টিমের প্রত্যেকটা সদস্যকে বিশ্বাস করতে হয় যে তাঁরা খেতাব জিততে পারবেন। ২০২২ সালে যখন গুজরাট টাইটান্স টিমটা আইপিএলের জগতে পা রাখে সেই সময় বেশি মানুষজন দলটাকে ভালো রেটিং দেয়নি। আমার বিশ্বাস ছিল যে আমরা জিততে পারব। আমরা আইপিএল খেতাব জিততে চেয়েছিলাম। আমি তো ব্যক্তিগত ভাবেও আইপিএল জিততে চেয়েছিলাম। কারণ তার আগে আইপিএল জিতিনি। তার আগের বার কেকেআরের হয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে ফাইনালে খেলেছিলাম। অল্পের জন্য জিততে পারিনি। তাই গুজরাটের হয়ে সেই স্বপ্নপূরণ করার চেষ্টা করেছিলাম।’
২০২২ সালে আইপিএল জিতেছিল গুজরাট টাইটান্স। সেই স্মৃতি মনে করে শুভমন গিল জানিয়েছেন, একটা করে ম্যাচ জিতে এগিয়ে যাওয়ার পর খেতাব জয়ের বিশ্বাস আরও জোরাল হয়েছিল। তাঁর কথায়, ‘আমরা যখন একটা করে পর পর তিনটে ম্যাচ জিতেছিলাম তখন আমাদের আত্মবিশ্বাস বেড়েছিল। আমার মনে আছে পরপর ৬টা ম্যাচের মধ্যে আমরা ৫টা জিতেছিলাম। তারপর প্লে অফও নিশ্চিত করেছিলাম। লক্ষ্য ছিল প্রথম দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করা। কারণ লিগ টেবলের প্রথম দুইয়ে থাকলে একটা বেশি সুযোগ পাওয়া যায়। ফাইনালে ওঠার পর একটাই বিষয় শিবিরে আলোচনার ছিল, তা হল একটা ভালো ম্যাচ করলেই আমরা চ্যাম্পিয়ন হব। সেটা করতে পেরেছিলাম আমরা।’ গুজরাট ২০২২ সালের পর ২০২৩ সালের আইপিএলের ফাইনালেও উঠেছিল। এ বার দেখার শুভমনের নেতৃত্বে এ বছর গুজরাট কেমন খেলে।