AFG vs IRE Test: এমনও হয়? স্কুল স্পোর্টস কেড়ে নিল মাঠ, অন্য স্টেডিয়ামে টেস্ট খেলতে দৌড়লেন ক্রিকেটাররা! – Bengali News | AFG vs IRE Test match shifted to host school sports championship in UAE
AFG vs IRE Test: এমনও হয়? স্কুল স্পোর্টস কেড়ে নিল মাঠ, অন্য স্টেডিয়ামে টেস্ট খেলতে দৌড়লেন ক্রিকেটাররা!Image Credit source: X
কলকাতা: ভাবুন তো, ইডেন গার্ডেন্সে টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারত। চব্বিশ ঘণ্টা আগে হঠাৎই জানতে পারল, ইডেন নয়, কলকাতার অন্য এক স্টেডিয়ামে খেলা হবে টেস্ট? ওয়াংখেড়ে অথবা দেশের অন্য কোনও ঐতিহ্যশালী স্টেডিয়ামেও কি এমন হবে? না, ভারতে এমন ছবি দেখা যাবে না কখনও। কিন্তু এমন ঘটনা বিরল নয়। আবু ধাবির কথাই ধরা যাক। বুধবার সেখানেই টেস্ট খেলতে নামল আয়ারল্যান্ড ও আফগানিস্তান। মঙ্গলবার পর্যন্ত যে মাঠে খেলা হবে বলে তৈরি হয়েছিল দুটো টিম, তারাই রাতারাতি জানল, অন্যত্র সরানো হচ্ছে টেস্ট। এমনও হয়? এই বিচিত্র পৃথিবীতে সবই সম্ভব।
জায়েদা স্টেডিয়ামে খেলার কথা ছিল দুই টিমের। ২০ হাজার দর্শকবিশিষ্ট ওই মাঠ যথেষ্ট পরিচিত ক্রিকেট মহলে। কিন্তু সেখান থেকেই সরে গেল টেস্ট ম্যাচ। জায়েদা স্টেডিয়ামের বদলে দুই টিমের ক্রিকেটারদের ছুটতে হল আবু ধাবিরই টলারেন্স ওভালে। যা দেখে অবাক হয়ে গিয়েছে ক্রিকেট বিশ্ব। শুধু তাই নয়, খেলার দুনিয়াতেও উঠে গিয়েছে প্রশ্ন। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কখনও বদলাতে পারে টেস্টের ভেনু? মাঠের উপর নির্ভর করে ক্রিকেটের ছক তৈরি হয়। টলারেন্স ওভালে শেষ মুহূর্তে খেলা সরানোয় দুই টিম কার্যত কিছুই করতে পারেনি। যে কারণে টেস্ট ম্যাচ সরানো হল জায়েদা স্টেডিয়াম থেকে, তা বেশ হাস্যকর। ওখানে স্কুল স্পোর্টস হবে, তাই টেস্ট ম্যাচ সরিয়ে দেওয়া হল অন্য স্টেডিয়ামে। প্রশ্ন হল, স্কুল স্পোর্টস কি হঠাৎ করে আয়োজন করা হয়েছে? আগে জানতেন না আবু ধাবি ক্রিকেট সংস্থার কর্তারা?
এই ঘটনায় যে আইসিসির মুখ পুড়েছে, সন্দেহ নেই। আবু ধাবি ক্রিকেটের সিইও ম্যাট বাউচার খুব খুশি, দুই টিম সাধ্য মতো সাহায্য করায়। পরিবর্তিত পরিস্থিতি মেনে নেওয়ায়। প্রশ্ন থাকছে, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মতো দ্বিতীয় সারির টিম বলেই এটা সম্ভব হল? পাকিস্তান দীর্ঘদিন ওখানে টেস্ট খেলেছে। পাক টিম হলে এমন ঘটনা ঘটত?