চিকেন ছেড়ে ডিম নাকি ডিম ছেড়ে চিকেন? যেভাবে খেলে মিটবে প্রোটিনের ঘাটতি – Bengali News | Chicken vs egg: Which is a better source of protein? Try these 2 recipe
প্রোটিন ছাড়া চলে না। ওজন কমানোর হোক বা বাড়ানোর, পাতে প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতেই হবে। আর দেহে প্রোটিনের জোগান দেওয়াও সহজ। মাছ, মাংস কিংবা ডিম খেয়ে নিলেই প্রোটিনের দৈনিক চাহিদা পূরণ হয়ে যায়। নিরামিষভোজীরা ডাল, পনির খেয়েই দেহে প্রোটিনের ঘাটতি পূরণ করে। যাঁরা মাছ-মাংস খান, তাঁদের পক্ষে প্রোটিন সমৃদ্ধ খাবার খোঁজে অনেক সময়। তবে, চিকেন নাকি ডিম, কোন খাবার খেলে দেহে বেশি প্রোটিন মিলবে? চলুন জেনে নেওয়া যাক।
দেহের একাধিক কাজ সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য প্রোটিন অপরিহার্য। হাড়, দাঁতের মতো দেহের প্রতিটা অংশ গঠনের ক্ষেত্রে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেহের প্রতি কেজিতে ০.৮ গ্রাম প্রোটিন দরকার পড়ে। এবার প্রশ্ন হল, এই প্রোটিনের এই চাহিদা পূরণ করতে, কোন খাবারকে বেশি প্রাধান্য দেবেন? ডিম না কি মুরগির মাংস?
বিশেষজ্ঞদের মতে, লিন প্রোটিন স্বাস্থ্যের জন্য অপরিহার্য। লিন প্রোটিন হল, যে প্রোটিন সমৃদ্ধ খাবারে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ কম। আরও সহজ ভাষায় বলতে, যে প্রোটিন খাবারে ফ্যাটের পরিমাণ কম। এই লিন প্রোটিন সমৃদ্ধ খাবার আপনাকে ওজন কমাতে সাহায্য করে। লিন প্রোটিন যুক্ত খাবার হিসেবে ডিম, চিকেন, গ্রিক ইয়োগার্ট, বাদাম ও বীজ রয়েছে। নন-লিন প্রোটিন সমৃদ্ধ খাবারের তালিকায় রয়েছে রেড মিট, প্রক্রিয়াজাত মাংস এবং উচ্চ ফ্যাটযুক্ত খাবার।
এই খবরটিও পড়ুন
স্বাস্থ্যের জন্য লিন প্রোটিনই ভাল। অর্থাৎ, ডিম ও চিকেন খেতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের মতে, ১০০ গ্রাম ডিমের সাদা অংশের মধ্যে ১০.৯ গ্রাম প্রোটিন রয়েছে। তবে, ১০০ গ্রাম ব্রাউন ডিমের সাদা অংশে ১২ গ্রাম প্রোটিন আছে। অন্যদিকে, ১০০ গ্রাম চিকেন ব্রেস্ট মধ্যে ২৩.২ গ্রাম প্রোটিন রয়েছে। সুতরাং, এ বিষয় কোনও সন্দেহ নেই যে ডিমের চেয়ে চিকেনের মধ্যে প্রোটিনের পরিমাণ বেশি। তবে, ডায়েটে ডিম ও চিকেন দুটোই রাখতে হবে আপনাকে। এই কাজটা কীভাবে করবেন, রইল টিপস।
চিকেন ও ডিমের স্যালাদ- চিকেন সেদ্ধ করে কুচিয়ে নিন। ডিম সেদ্ধ করে নিন। পছন্দের সবজির সঙ্গে চিকেন ও ডিম মিশিয়ে দিন। নুন, গোলমরিচ, মিক্স হার্বস, লেবুর রস ও অলিভ অয়েল মিশিয়ে স্যালাদ ড্রেসিং করে নিন। ব্রেকফাস্টে খান এই খাবার।
চিকেন ও ডিমের র্যাপ- চিকেন গ্রিল করে নিন। অন্যদিকে, ডিম স্ক্র্যাম্বল করে নিন। পছন্দের কিছু সবজি কুচিয়ে নিন। স্বাদের জন্য চিলি ফ্লেক্স, অরিগ্যানো ও মেয়োনিজ ব্যবহার করুন। সব উপাদান একসঙ্গে মিশিয়ে নিন। আটার রুটির মধ্যে পুর ভরে র্যাপ করে নিন। লাঞ্চে এই খাবার খেতে পারেন।