Shreyas Iyer: বোর্ডের ধমকেই ফিট হয়ে গেলেন! রঞ্জি সেমিতে ফিরছেন কেকেআর ক্যাপ্টেন – Bengali News | Ranji Trophy: ‘Fit again’ Shreyas Iyer to play for Mumbai in semis
রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনাল অবধি ‘আনফিট’ ছিলেন। হঠাৎই ফিট হয়ে গেলেন! রঞ্জি ট্রফির সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মুম্বই। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ তামিলনাডু। আর শেষ চারের ম্যাচের আগে মুম্বই দলের জন্য খুশির খবর। স্কোয়াডে ফিরছেন শ্রেয়স আইয়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু-ম্যাচে খেলেছিলেন। যদিও ভালো পারফর্ম করতে পারেননি। ‘চোটের’ কারণে বাদ ছিটকে যান শ্রেয়স। এরপরই শুরু হয় বিতর্ক। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনালে বরোদার বিরুদ্ধে নেমেছিল মুম্বই। যদিও এই ম্যাচের স্কোয়াড ঘোষণার আগেই মুম্বই ক্রিকেট সংস্থার কর্তাদের শ্রেয়স জানান, তিনি ফিট নন। অন্য দিকে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির তরফে মুম্বই নির্বাচকরা যে মেইল পেয়েছিলেন, তাতে পরিষ্কার লেখা ছিল দ্বিতীয় টেস্টের পর শ্রেয়স চোটে ছিটকে গেলেও দ্রুতই ফিট হয়ে উঠেছিলেন। কোয়ার্টার ফাইনালে না খেলার সিদ্ধান্ত যে ‘ইচ্ছাকৃত’, সেটা পরিষ্কার হয়ে যায়।
বোর্ডের চুক্তিতে রয়েছেন শ্রেয়স। তাঁর এবং ঈশান কিষাণের আচরণে ক্ষুব্ধ বোর্ড। এই দু-জন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদও পড়তে পারেন। তার উপর রাঁচি টেস্ট জিতেই অধিনায়ক রোহিত শর্মা বলে দিয়েছেন, ‘যাদের টেস্ট খেলার খিদে রয়েছে, তাদেরই খেলাব’। যাঁরা ফিট থাকা সত্ত্বেও লাল-বলের ক্রিকেটে খেলছেন না, তাঁদেরই যে এই বার্তা, পরিষ্কার বোঝা যায়। প্রবল চাপ থেকেই ফিট হয়ে গেলেন শ্রেয়স আইয়ার! রঞ্জি সেমিফাইনালে তাঁর খেলার সিদ্ধান্ত যেন সেই ইঙ্গিতই দেয়।
মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘শ্রেয়স নিজেই জানিয়েছে, ও সেমিফাইনালে খেলার জন্য ফিট। ও খেলতে রাজি।’ তামিলনাডু খুবই শক্তিশালী দল। তার উপর টেস্ট স্কোয়াড থেকে ছুটি পেয়ে রঞ্জিতে ফিরছেন ওয়াশিংটন সুন্দর, চোট সারিয়ে ফিরছেন সাই সুন্দর। শ্রেয়স ফিরলে মুম্বইয়ের শক্তিও বাড়বে।