WITT: “আমরা না দিলে, ওরা ভ্যাকসিনই পেত না”, কীভাবে ভ্যাকসিন মৈত্রী বদলাল ভারতের ভাবমূর্তি, ব্যাখ্যা করলেন বিদেশমন্ত্রী – Bengali News | TV9 Network What India Thinks Today: External Minister S Jaishankar says Vaccine Maitri Changed India’s Image in World during COVID 19 Period
বিদেশমন্ত্রী জয়শঙ্কর।Image Credit source: TV9 Network
নয়া দিল্লি: মোদী সরকার ক্ষমতায় আসার পর কীভাবে বদলেছে ভারতের কূটনীতি? কীভাবেই বা বিশ্ব মৈত্রী হয়ে উঠেছে ভারত, TV9 নেটওয়ার্কের কনক্লেভ হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে-তে তা ব্যাখ্যা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। “দ্য রাইজ অব গ্লোবাল সাউথ” শীর্ষক অনুষ্ঠানে এ দিন বিদেশমন্ত্রী বলেন, “আজ বিশ্বের অনেক প্রত্যাশা রয়েছে ভারতের কাছ থেকে, যা আগে ছিল না।”
এ দিন বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, “১০ বছর আগে নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন বিশ্ব অর্থনীতিতে আমাদের স্থান ১১ নম্বরে ছিল, সেখান থেকে আজ আমরা ৫ নম্বরে উঠে এসেছি। ভারতের ভাবমূর্তিতে আমূল পরিবর্তন এসেছে। বিশ্বের কিছু প্রত্যাশা আছে ভারতের কাছ থেকে, যা আগে ছিল না। উদাহরণ হিসাবে বলি, ইয়েমেনে সিভিল ওয়ার দেখুন বা নেপালে বিপর্যয় কিংবা শ্রীলঙ্কায় ধস। আগে পশ্চিমী দেশগুলিই ত্রাণ নিয়ে আগে পৌঁছত, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। আমাদের কাছ থেকে আজ এই সাহায্যের প্রত্যাশা করা হয়। শ্রীলঙ্কার আর্থিক সঙ্কটের সময় ভারত পাশে দাঁড়িয়েছিল, সেই সময় পশ্চিমী দেশ কিছু করেনি, যারা শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছিল, তারাও হাত গুটিয়ে নিয়েছিল। কাউকে তো কিছু একটা করতে হত। পড়শি হিসাবে আমরা সেই দায়িত্ব পালন করেছি। সাড়ে ৪০০ কোটি ডলারের প্যাকেজ দিয়েছিলাম, যা আইএমএফের প্যাকেজের থেকেও বড় ছিল।”
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উদাহরণ টেনেও তিনি বলেন, “ইউক্রেনের যুদ্ধের সময় দেখুন। ওই দেশে আমাদের ১৮ থেকে ২০ হাজার পড়ুয়া আটকে ছিল। আমরা তাদের ফিরিয়ে আনার সঙ্গে সঙ্গে অন্য দেশের পড়ুয়াদেরও ফিরিয়ে এনেছি। আমার মতে, মনে অন্য কারোর জন্য স্থান থাকলে, তবে গাড়িতেও জায়গা থাকা উচিত। ইজরায়েল, সুদান সব জায়গায় বিপদের সময় আমরা পাশে দাঁড়িয়েছি।”
তবে বিশ্বের দরবারে ভারতের ভাবমূর্তি বদল করেছে ভ্যাকসিন মৈত্রীই, এমনটাই দাবি করেন বিদেশমন্ত্রী। তিনি বলেন, “ভ্যাকসিনের দৌলতে আমাদের ভাবমূর্তি বদলেছে। নিজেদের দেশে টিকাকরণ শেষ হয়নি, তারপরও আমরা ১০০টিরও বেশি দেশকে কোভিড ভ্যাকসিন দিয়ে সাহায্য করেছিলাম। আজ অনেক দেশই উঠে দাঁড়িয়ে বলে যে আমরা ভ্যাকসিন দিয়ে সাহায্য না করলে, ওরা হয়তো ভ্যাকসিনই পেত না। ভারত ভ্যাকসিন মৈত্রীর কারণেই এত জয়জয়কার।”