IND vs ENG: সিরিজ জয়ের পরই সচিন-কোহলির বিরাট বার্তা – Bengali News | ‘The score is 3 won’: Sachin Tendulkar, Virat Kohli sum up India’s win over England in Ranchi Test
ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে নেই বিরাট কোহলি। শেষ টেস্টে ফিরবেন কিনা তারও নিশ্চয়তা নেই। প্রাথমিক ভাবে দু-ম্যাচের জন্য সরে দাঁড়িয়েছিলেন বিরাট। পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। গত ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের পিতা হয়েছেন কিং কোহলি। যদিও তার পাঁচ দিন পর সোশ্যাল মিডিয়ায় পুত্র সন্তানের জন্মের খবর প্রকাশ্যে আনেন বিরাট ও অনুষ্কা। তবে রাঁচি টেস্টে সতীর্থদের খেলা যে ফলো করছিলেন, বলাই যায়। ঘরের মাঠে টানা ১৭টি টেস্ট সিরিজ জয় ভারতের। এরপরই কিংবদন্তি সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলির বিশেষ বার্তা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইংল্যান্ডের বিরুদ্ধে হার দিয়ে সিরিজ শুরু করেছিল ভারত। হায়দরাবাদে প্রথম টেস্টে মাত্র ২৮ রানে হার। দ্বিতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়ায় ভারত। চোট এবং ব্যক্তিগত কারণে একাধিক তারকা ক্রিকেটার নেই। রাঁচিতে বিশ্রাম দেওয়া হয়েছিল জসপ্রীত বুমরাকেও। তারপরও জিততে সমস্যা হয়নি ভারতের। টানা তিন ম্যাচ জিতে সিরিজও ৩-১ নিশ্চিত করে নিয়েছে ভারত। এখনও এক ম্যাচ বাকি। তারুণ্যে ভর করেই জিতেছে ভারত। ঘরের মাঠে টানা ১৭টি টেস্ট সিরিজ জয়।
সিরিজ জয় নিয়ে উচ্ছ্বসিত মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সিরিজের সারমর্ম লিখে দিয়েছেন। সচিন লেখেন-‘আবারও কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে ভারত। এর থেকেই আমাদের প্লেয়ারদের মানসিক শক্তির পরিচয় পাওয়া যায়। টেস্ট কেরিয়ারের প্রথম স্পেলটাই দুর্দান্ত আকাশ দীপের। ধ্রুব জুরেল দু-ইনিংসেই দারুণ খেলেছে। কুলদীপের সঙ্গে প্রথম ইনিংসে ওর পার্টনারশিপটাই আমাদের ম্যাচে রেখেছিল। দ্বিতীয় ইনিংসে কুলদীপের স্পেল, তেমনই অশ্বিন-রোহিত-জাডেজাদের মতো সিনিয়রদের পারফরম্যান্স। শুভমন গিল দ্বিতীয় ইনিংসে দারুণ মানসিকতার পরিচয় দিয়েছে। ম্যাচ এবং সিরিজ আমাদের। খুবই ভালো লাগছে।’
The score is 3-won! 😉
India once again came back from a pressure situation and fought back to win the match. It shows the character and the mental strength of our players.
A great first spell in Test cricket for Akashdeep. @dhruvjurel21 was terrific at reading the length in… pic.twitter.com/DgaFoqMiTa
— Sachin Tendulkar (@sachin_rt) February 26, 2024
সতীর্থদের শুভেচ্ছা জানিয়ে বিরাট কোহলি লিখেছেন-আমাদের তরুণ দলের দুর্দান্ত জয়। ওরা মানসিক ভাবে যে তাগিদ, প্রতিরোধ, দায়বদ্ধতা দেখিয়েছে তা প্রশংসনীয়।