বাংলাদেশে ফের অশান্তি, হাসিনার প্রত্যাবর্তনের আগে ১৯ নভেম্বর দেশজুড়ে বন্‌ধের ডাক - 24 Ghanta Bangla News
Home

বাংলাদেশে ফের অশান্তি, হাসিনার প্রত্যাবর্তনের আগে ১৯ নভেম্বর দেশজুড়ে বন্‌ধের ডাক

Spread the love


ঢাকা: বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে ঘিরে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে তাঁর দল আওয়ামি লিগ। বৃহস্পতিবার,…

ঢাকা: বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে ঘিরে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে তাঁর দল আওয়ামি লিগ। বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, সারা দেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ‘লকডাউন’ পালনের ডাক দিয়েছে দলটি। পরিবহণ, দোকানপাট, সরকারি-বেসরকারি অফিস, ব্যাঙ্ক, আদালত এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। ২০২৪ সালের গণবিক্ষোভের জেরে হাসিনা দেশ ছাড়ার পর এই প্রথম এত বড় কর্মসূচি নিয়ে পথে নামার প্রস্তুতি নিচ্ছে দলটি।

গত ১৫ নভেম্বর থেকে পাঁচ দিনের প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে আওয়ামি লিগ। তাদের দাবি, দলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল করতে হবে, রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে এবং হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় ও মামলাগুলি প্রত্যাহার করতে হবে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং বন্ধ শিল্পকারখানা খোলার দাবিও তুলেছে দলটি। বৃহস্পতিবারের কর্মসূচি এই আন্দোলনের শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব।

২০২৪ সালের অগস্টে ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে ভারতে চলে আসেন হাসিনা। এর পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামি লিগের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করে। দলটির সহযোগী সংগঠন যুব লিগ ও ছাত্র লিগের উপরও নিষেধাজ্ঞা জারি হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে দলীয় কর্মীদের জমায়েত ও মিছিলের ছবি সামনে আসছে।

সবচেয়ে বেশি উত্তেজনা ছড়িয়েছে হাসিনার নিজের জেলা গোপালগঞ্জে। রবিবার থেকে সেখানে আওয়ামি লিগের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পুলিশি ব্যারিকেড ভাঙা, পুলিশের গাড়ি ও অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর এবং জুলাই স্মৃতিসৌধে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। বিএনপি নেতাদের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তুঙ্গিপাড়ায় বিএনপির এক নেতার বাড়িতে লুটপাটের পর আগুন ধরিয়ে দেওয়া হয় বলে সংবাদমাধ্যমের প্রতিবেদন।

মঙ্গলবার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। আওয়ামি লিগ ও ছাত্র লিগের কয়েক জন কর্মীকে গ্রেফতারের পর তুঙ্গিপাড়া থানার সামনে জমায়েত করেন তাঁদের সমর্থকেরা। পরে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কয়েক জন আটক ব্যক্তিকে ছাড়িয়ে নেওয়া এবং আগ্নেয়াস্ত্র লুটের অভিযোগও উঠেছে। বিএনপির সাংসদ এস এম জিলানির বাড়িতেও আগুন লাগানো হয়। পুলিশের দাবি, থানায় নটি গাড়ি এবং ১৫টি মোটরবাইক পুড়িয়ে দেওয়া হয়েছে। বুধবারও গোপালগঞ্জ-তুঙ্গিপাড়া সড়কের একাধিক জায়গায় গাছ ও বাঁশ ফেলে অবরোধ করেন বিক্ষোভকারীরা।

শুধু গোপালগঞ্জ নয়, বাংলাদেশের অন্তত ২৮টি জেলায় অশান্তির খবর মিলেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত ১০ দিনে বিভিন্ন জায়গায় একাধিক বোমা বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৬ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও বিস্ফোরণ ঘটে। ১০ নভেম্বরের পর থেকে গ্রামীণ ব্যাঙ্কের অন্তত ৩৭টি শাখা ও কার্যালয় হামলার নিশানা হয়েছে বলে খবর।

এর পাশাপাশি গাজীপুর, সাভার ও আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন পোশাকশিল্পের শ্রমিকেরা। রাস্তা অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং গাড়িতে আগুন লাগানোর ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। বুধবার গাজীপুরে পুলিশের একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

এই পরিস্থিতিতে দলের সাংসদদের নিজেদের নির্বাচনী এলাকায় ফিরে গিয়ে আওয়ামি লিগের রাজনৈতিক কর্মসূচির মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা বিএনপি নেতা তারেক রহমান। অন্যদিকে, হাসিনা আগেই ঘোষণা করেছেন, ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে চান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার পরও একাধিক সাক্ষাৎকারে নিজের প্রত্যাবর্তনের কথা জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর আইনজীবীরা নতুন পাসপোর্টের জন্য ঢাকার কাছেও আবেদন করেছেন বলে খবর। ফলে হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের আগে বাংলাদেশের রাজনৈতিক সংঘাত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্বল হয়েছে ‘আকভান’, তবু স্বস্তি নেই বাংলায়! কলকাতা-সহ কোন কোন জেলায় ভারী বৃষ্টি?

ফের এনকাউন্টার যোগী রাজ্যে! নাটকীয় যুদ্ধে খতম সুপারি কিলার ওয়াহিদ আনসারী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *