Tollywood Actor: টলি অভিনেতার ৮ বছরের ছেলেকে হেনস্থা, ‘প্রস্রাব চেটে পরিষ্কারের’ নিদান প্রতিবেশির – Bengali News | Tollywood Bengali renowned actor complaint his son facing harassment during playing ground
হাতও মচকিয়ে দেয় ওই আট বছরের বাচ্চার। Image Credit source: TV9 Bangla
কলকাতা: বাংলা বিনোদন জগতের জনপ্রিয় মুখ তিনি। ছোটপর্দা ও বড়পর্দায় সমানভাবে কাজ করেন এই অভিনেতা। তাঁরই আট বছরের ছেলের সঙ্গে সাংঘাতিক ঘটনা খাস কলকাতায়। অভিযোগ, এক প্রতিবেশি আট বছরের ওই শিশুকে প্রস্রাব চেটে পরিষ্কার করার নিদান দেন। রাজি না হওয়ায় হাত মচকিয়ে দেয়। গড়ফা থানায় দায়ের হয়েছে অভিযোগ।
অভিযোগ, গত ২৫ ফেব্রুয়ারি বাড়ির সামনে একটি মাঠে খেলতে গিয়েছিল অভিনেতার শিশুপুত্র। আচমকাই টয়লেট পাওয়ায় সামনের একটি ফ্ল্যাটের নিচে প্রস্রাব করে। ছাদের জল পড়ে এরকম একটি ছোট্ট নালার সামনে প্রস্রাব করে সে। এরপরই ওই বাড়িতে থাকা এক ভদ্রলোক আচমকা এসে তার হাত মচকিয়ে দেয় বলে অভিযোগ।
ওই অভিনেতার স্ত্রীর অভিযোগ, ওই ব্যক্তি বলেন, ‘টয়লেট জিভ দিয়ে চেটে পরিষ্কার করে দে।’ ছেলে কান্নাকাটি শুরু করে। এরপরই তাঁর বড় ছেলে যায়। তার সামনেই অভিনেতার ছোট ছেলে জল দিয়ে জায়গা পরিষ্কার করে দেবে বলে। এমনকী ছোট ছেলের হাতও মচকে দেন।
অভিনেতার স্ত্রীর দাবি, তিনি বাড়িতে ছিলেন না। বাড়ি ফিরে দেখেন ছেলে আতঙ্কে ভুগছে। অভিযুক্তের সঙ্গে কথা বললে, তিনি জানান ভয় দেখানোর জন্য করেছেন। পুলিশে জানালে তাঁকে নানা জায়গা থেকে চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন।