চোখের সামনে প্রিয়জনের হার্ট অ্যাটাক হলে আপনি কী করবেন? – Bengali News | What you can do if someone is experiencing a cardiac arrest in front of you
হার্ট অ্যাটাকে মৃত্যু নতুন ঘটনা নয়। তবে, অল্প বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যু উদ্বেগের কারণ। হার্ট অ্যাটাকের শিকার হলে বোঝা যায় না, কী করবেন আর কী করবেন না। কিন্তু আপনার সামনে যদি কোনও মানুষের হার্ট অ্যাটাক হয়, সেক্ষেত্রে আপনি চুপচাপ বসে থাকতে পারবেন না। আর কী করবেন, সেটাও যদি না জানা থাকে, তাহলেই মুশকিল। তাই আপনার সামনে কোনও মানুষ হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে কী করণীয়, জেনে রাখুন।
কম বয়সিদের মধ্যে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান, মানসিক চাপ এবং নিয়মিত শরীরচর্চা না করা অভ্যাস হার্ট অ্যাটাকের প্রবণতাকে বাড়িয়ে তুলছে। আজকাল যে হারে মানুষের মধ্যে ফাস্ট ফুড খাওয়ার চল বেড়েছে, তাতে কোলেস্টেরল, ডায়াবেটিসের মতো রোগ খুব কমন। ফাস্ট ফুডের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট রয়েছে, যা রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। পাশাপাশি রক্তচাপ ও সুগার লেভেলও বাড়িয়ে দেয়। এগুলোই প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।
হার্ট অ্যাটাক হলে কী করবেন আর কী করবেন না, সেই মুহূর্তে খেয়াল থাকে না। তবে, হার্ট অ্যাটাকের উপসর্গগুলো চিনে রাখলে মৃত্যুর ঝুঁকি এড়ানো যায়। হার্ট অ্যাটাক হলে বুকে ব্যথা (যন্ত্রণা), বুকে চাপ লাগা (অস্বস্তি), বুকের ডান বা বাঁ দিক কিংবা উভয় দিকেই ব্যথা, বুকে ব্যথা শুরু হয়ে তা বাঁ হাত দিয়ে নেমে যেতে পারে অথবা চোয়াল দিয়ে ওপরে উঠে যেতে পারে। এই উপসর্গগুলো ছাড়াও হার্ট অ্যাটাক হলে অত্যধিক ঘাম হতে থাকে। এর মধ্যে কোনও একটি লক্ষণ রোগীর মধ্যে দেখা দিলে সঙ্গে সঙ্গে অ্যাসপিরিন ৩০০ মিলিগ্রাম (Aspirin 300 mg) জল দিয়ে খাইয়ে দিন। এছাড়া জিভের তলায় সরবিট্রেট রেখে দিন। এরপর রোগীকে কাছাকাছি যে কোনও হাসপাতাল বা নার্সিং হোমে ভর্তি করে দিতে পারেন।
হার্ট অ্যাটাক হলে রোগীকে সমান জায়গায় শুয়ে দিন। বদ্ধ ঘরে রোগীকে রাখবেন না। ঘাম হলে বা গরম হলে পাখা চালিয়ে দিন। ঘরের জানলা-দরজা খুলে দিন। হার্ট অ্যাটাকে সাময়িক ভাবে CPR (Cardiopulmonary Resuscitation) দিতে পারেন। কিন্তু আপনি যদি CPR দেওয়ার সঠিক পদ্ধতি না জেনে থাকেন, তাহলে দু’হাত দিয়ে ক্রমাগত বুকে চাপ দিতে থাকুন। আর যদি CPR দেওয়ার পদ্ধতি জানা থাকে, তাহলে অনায়াসে আপনি ওই রোগীর প্রাণ বাঁচাতে পারেন।