Traffic Rule: হেলমেট নেই বলে আটকানো! পুলিশের আঙুল কামড়ে দিলেন আরোহী – Bengali News | Traffic rule: man bites Traffic police who did not wear helmet
বেঙ্গালুরু: প্রতিনিয়ত ট্রাফিক আইন ভাঙার বহু অভিযোগ সামনে আসে। কেউ ‘সিগন্যাল’ ভেঙে ছোটান গাড়ি, কেউ হেলমেট ছাড়াই বেরিয়ে পড়েন রাস্তায়। রাস্তায় দাঁড়িয়ে থাকা কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মীদের এমন অভিজ্ঞতা অনেক আছে। তবে সম্প্রতি যে ঘটনা ঘটেছে, তা বোধ হয় আশা করেননি পুলিশকর্মীরাও। গত সোমবারের ঘটনা। স্কুটার থেকে নেমে পুলিশের আঙুল কামড়ে দেওয়ার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। কামড় বসিয়ে স্কুটারটা নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ওই যুবকের!
বেঙ্গালুরুর উইলসন গার্ডেনের ঘটনা। অভিযোগ, সৈয়দ সইফ নামে এক যুবক হেলমেট না পরে স্কুটার চালাচ্ছিলেন। তাই ট্রাফিক আইন না মানার অভিযোগে পুলিশ ওই যুবককে রাস্তার মাঝে দাঁড় করায়। উইলসন গার্ডেনের কাছে টেনথ ক্রসে দাঁড় করানো হয় তাঁকে। স্কুটারের চাবি নিয়ে নিয়েছিলেন ট্রাফিক কনস্টেবল ও হেড কনস্টেবল সেই সময় পুরো ঘটনাটা মোবাইলে রেকর্ড করছিলেন।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, পুলিশের সঙ্গে রীতিমতো বচসা হচ্ছে ওই যুবকের। স্কুটারটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি। এরপর পুলিশকর্মীর হাত থেকে ছিনিয়ে নেন মোবাইলটা। মোবাইলটা ফেরত নিতে গেলে এরপরই কর্তব্যরত পুলিশকর্মীর আঙুলে কামড় বসিয়ে দেন তিনি। ঘটনার পরই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে।