Mamata Banerjee: মমতার অভিযোগের প্রমাণ চাই, বিধায়কের চিঠি গেল অমিত শাহের কাছে – Bengali News | BJP MLA Shankar Ghosh sends letter to Amit Shah against Mamata banerjee’s claim
অমিত শাহকে চিঠি শঙ্কর ঘোষেরImage Credit source: GFX- TV9 Bangla
কলকাতা: যারা দেশের নিরাপত্তায় মোতায়েন থাকে, সেই সংস্থাকে নিয়ে মিথ্যা দাবি করা যায় না। তাই বিএসএফ-কে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন, তার প্রমাণ চাইলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। প্রমাণ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার পাশাপাশি, সেই চিঠি তিনি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে এনআরসি ইস্যুতে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, বর্ডার সিকিউরিটি ফোর্স যে কার্ড দিচ্ছে, তা দেওয়া উচিত নয়। বিএসএফ-এর দেওয়া গেট পাস নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
শঙ্কর ঘোষ মমতাকে দেওয়া চিঠিতে লিখেছেন, আমি চাই সব তথ্য় ও প্রমাণ পেশ করুন মুখ্যমন্ত্রী। মমতা দাবি ইতিমধ্যেই অস্বীকার করেছে বিএসএফ। তাই এই নিয়ে উত্তরবঙ্গে মানুষের মনে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, তা দূর করুন। মুখ্যমন্ত্রী হিসেবে এই দায়িত্ব বর্তায় বলে মন্তব্য করেছেন শঙ্কর ঘোষ।
এই খবরটিও পড়ুন
কার্ড নিলেই এনআরসি-র আওতায় পড়তে হবে, এমনই দাবি করেছিলেন মমতা। এরপরই প্রশ্ন ওঠে বিএসএফ কি আদৌ এমন কোনও কার্ড দিচ্ছে? মমতার ওই বক্তব্যের পর বিএসএফ-এর ইস্টার্ন কমান্ডের ডিআইজি এসএস গুলারিয়া জানান, কোনও রকম পরিচয় পত্র বানানোর অধিকার তাদের নেই। তারা যেটা দিচ্ছে, সেটা হল গেট পাস। ‘নো ম্যানস ল্যান্ডে’ যাঁদের জমি আছে বা বাংলাদেশে বাড়ি অথচ এ দেশে জমি আছে, তাঁদের এই গেট পাস দেওয়া হয়। অনুপ্রবেশকারীদের আটকাতেই এই পাস দেওয়া হয় বলে জানিয়েছে বিএসএফ।