ED Raid: ১০ ঘণ্টা অতিক্রান্ত! হাওড়ায় এখনও জারি অ্যাকশন, কী খুঁজছে ইডি – Bengali News | ED Raid at Howrah on Monday, reportedly connected to hawala case of Jharkhand and Bihar
হাওড়া: সপ্তাহের প্রথম দিনেই ফের ইডির তৎপরতা। এবার হাওড়ায়। সোমবার সাত সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি টিম পৌঁছে যায় হাওড়ায়। হাওড়ার দাসনগরে বিপ্লবী অনাদি দাস সরণী লেনে আচমকা ইডির তৎপরতা দেখে শোরগোল পড়ে যায় এলাকায়। এই এলাকায় রয়েছে গৌতম বর্মণের বাড়ি। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। আজ সকাল সাড়ে আটটা নাগাদ তাঁর বাড়িতে পৌঁছে যায় ইডির টিম। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের চারজন অফিসার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে পৌঁছে যান চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়িতে।
শুধুমাত্র চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট গৌতম বর্মণের বাড়িতেই নয়, তাঁর অফিসেও পৌঁছে যান ইডির অফিসাররা। অফিসের কর্মচারীদের দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। এর পাশাপাশি দুপুরে দিকে পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট গৌতম বর্মণকে সামনে রেখে ইডি তদন্তকারী অফিসাররা বিভিন্ন ফাইল-পত্র পরীক্ষা করে দেখতে শুরু করেন। সকাল থেকে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে পেরিয়ে গেল, এখনও হাওড়ার দাসনগরে বিপ্লবী অনাদি দাস সরণী লেনেই রয়েছেন ইডির অফিসাররা। দশ ঘণ্টারও বেশি সময় ধরে চলছে ইডির এই বিশেষ অভিযান।
হাওড়ার এই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়িতে কীসের খোঁজ চালাচ্ছে ইডির টিম? রাজ্যের একাধিক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে বর্তমানে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী দল। তবে এখনও পর্যন্ত প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে, সোমবারের এই অভিযানের সঙ্গে বাংলার সঙ্গে য়ুক্ত কোনও মামলার যোগ নেই। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ঝাড়খন্ড এবং পটনায় হাওলা সংক্রান্ত একটি মামলার তদন্তের জন্যই সোমবার হাওড়ায় এসেছেন ইডির অফিসাররা। যদিও এদিনের অভিযান সম্পর্কে ইডির অফিসাররা ক্যামেরার সামনে কিছু বলেননি।