Purba Bardhaman: সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষেই এল মর্মান্তিক খবর, ক্লাব থেকে উদ্ধার কিশোরের ঝুলন্ত দেহ – Bengali News | News came after the end of republic day ceremony, hanging body of the teenager was recovered
বর্ধমান: সাধারণতন্ত্র দিবস উপলক্ষে গোটা দেশেই চলছে নানাবিধ অনুষ্ঠান। বাংলাতেও নানাপ্রান্তে সকাল থেকেই চলছিল নানা অনুষ্ঠান। ক্লাব থেকে স্কুল, সব জায়াগাতেই হাসিমুখে ভিড় করতে দেখা গিয়েছে কচিকাঁচাদের। এরইমধ্যে ক্লাবের ভিতরে এক নাবালকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বর্ধমানের বিধানপল্লীতে। উদ্ধার হল ঝুলন্ত দেহ। আত্মহত্য়া নাকি মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনও কারণ তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তদন্তে নেমেছে পুলিশ।
মৃতের নাম রোহিত রুইদাস। বয়স ১৫। বাড়ি বর্ধমান শহরের ১১ নম্বর ওয়ার্ডের বিধানপল্লীতে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সাধারণতন্ত্র দিবস উপলক্ষে শুক্রবার সকালে স্থানীয় ক্লাবে অনুষ্ঠান ছিল। সেখানেই জোড়ো হয়েছিলেন পাড়ার লোকজন। ছিল রোহিতও। সূত্রের খবর, দীর্ঘ অনুষ্ঠান শেষে ক্লাব থেকে সবাই বেরিয়ে গেলেও রোহিত ভিতরে থেকে যান। আচমকাই খবর আসে ক্লাবের মধ্যেই রোহিতের ঝুলন্ত দেহ দেখতে পাওয়া দিয়েছে। খবরটা শুনে এলাকার লোকজন তড়িঘড়ি ছুটে এলেও ততক্ষণে সব শেষ। খবর যায় পুলিশ।
এই খবরটিও পড়ুন
রোহিতের আত্মীয় অজয় রুইদাস জানাচ্ছেন, ও একটা লাড্ডুর কারখানায় কাজ করত। তবে বিগত কয়েকদিন ধরে কাজে যাচ্ছিল না। বাড়িতে অশান্তি হচ্ছিল। মা বকাবকিও করেছিল বলে শুনেছি। তবে আজ সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে গ্রামের সকলের সঙ্গে রোহিতও এসেছিল। কিন্তু, কী থেকে কী হয়ে গেল বুঝতে পারছি না। অনুষ্ঠানের শেষেই আমরা খবরটা পাই। এসে দেখি ক্লাবের মধ্যে গলায় একটা ধুতি জড়িয়ে ঝুলছে রোহিত। খবর পেয়ে এলাকায় আসে বর্ধমান থানার পুলিশ। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে।