EXCLUSIVE: ইডির উপর হামলার সময় শাহজাহান কী করছিলেন, ছায়াসঙ্গীই দিলেন বোমা ফাটিয়ে… – Bengali News | Sandeshkhali Block chairmen Shibu Hazra aide of Sheikh Shah Jahan exclusive on tv9bangla
সন্দেশখালি: গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালি গিয়ে আক্রান্ত হয় ইডি। সেই ঘটনার পর থেকেই শেখ শাহজাহানের ছায়াসঙ্গী সন্দেশখালি-২ ব্লকের সভাপতি শিবপ্রসাদ হাজরা কোথায় সেই প্রশ্ন জোরালো হয়েছিল। শেখ শাহজাহানের বাড়ি থেকে নির্বাচনী শংসাপত্র সংক্রান্ত যে নথি ইডি বাজেয়াপ্ত করেছে তাতে নাম রয়েছে এই শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরা। গত ২০ দিন ধরে তিনি ছিলেন অন্তরালে। অবশেষে টিভিনাইন বাংলার মুখোমুখি তিনি। সংবাদমাধ্যমের সামনে এসে শেখ শাহজাহান নিয়ে কী বললেন শিবু?
শেখ শাহজাহান ও শিবু হাজরার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। যেসব ছবি বুঝিয়ে দেয় তিনি সন্দেশখালির ‘বেতাজ বাদশা’র কতটা কাছের ছিলেন। সেই শিবুকে শাহজাহানের দুর্নীতি যোগের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে শিবু বলেন, “শেখ শাহজাহান বিধানসভার আহ্বায়ক। সত্যি কথা বলতে আমরা ওনার নির্দেশেই চলতাম। উনি যা নির্দেশ দিতেন আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চেষ্টা করতাম। কে (শাহজাহান) কী অবস্থায় আছেন, ইডি কী ভাবে তদন্ত করছে সেটা তো আমার জানা নেই। রেশন দুর্নীতির সঙ্গে শাহজাহান কীভাবে যুক্ত সেটাও আমার মাথায় আসছে না।”
শাহজাহানের বিপুল সম্পত্তি নিয়ে প্রশ্ন করতে শিবুর জবাব, “কার কী সম্পত্তি আমি কী করে জানব বলুন? আপনি কোথায় সম্পত্তি কিনছেন আমাকে বলে কিনবেন? তবে যে সকল সম্পত্তি দেখানো হচ্ছে সবটা কিন্তু শাহজাহান ভাইয়ের নয়।”
এই খবরটিও পড়ুন
শাহজাহানের পাড়ায় ইডি ও কেন্দ্রীয়বাহিনীর উপর হামলাকে পরিকল্পিত বলেই বারবার অভিযোগ উঠেছে। কিন্তু শিব বলছেন, “সাধারণ মানুষের ভাবনা থেকে তাঁরা এটা করেছেন। কারও নির্দেশে এটা হয়েছে বলে মনে হয় না। কারণ কেউ নির্দেশ দেয় না চড়াও হতে হবে।”
ঘটনার দিন শাহজাহান কি বাড়িতেই ছিলেন? শিবুর দাবি, “উনি কোথায় ছিলেন জানি না। তবে উনি মর্নিং ওয়াকে যান। যা দেখেছি উনি একটু শরীর পরিচর্যা করেন।” ২৯ তারিখ তাহলে কি ইডির দফতরে শাহজাহান যাচ্ছেন? প্রশ্ন শুনেই শিবু বললেন, “উনি আমার লিডার। কখন কী করতে হবে সেটা ওনার মাথায় আছে। সেইমতো নিশ্চয়ই উনি এগোবেন। আসলে আমার সঙ্গে তো ওনার যোগাযোগ নেই।”