Ram Mandir Ayodhya: রাম মন্দিরের ঐতিহাসিক রায় দিয়েছিলেন, সেই বিচারপতিরাও আমন্ত্রিত অযোধ্যায় – Bengali News | Judges who gave Ayodhya Ram Mandir verdict on 2019, invited on 22nd January
নয়া দিল্লি: রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জন্য চলছে প্রহর গোনা। আর মাত্র দু’দিনের অপেক্ষা। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন অযোধ্যায় নব নির্মিত রাম মন্দিরের উদ্বোধন করবেন, তখন সেখানে উপস্থিত থাকবেন বাছাই করা অতিথিরা। সেই তালিকা তৈরি হয়েছে ইতিমধ্যেই। জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে থাকা যে বিচারপতিরা রাম মন্দির মামলায় ঐতিহাসিক রায় দিয়েছিলেন ২০১৯ সালে, তাঁরাও আমন্ত্রিত থাকছেন রাম মন্দিরের উদ্বোধনে। পাঁচজনের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। দীর্ঘদিনের আইনি জটিলতার পর ২০১৯ সালে সুপ্রিম কোর্ট বিতর্কিত জমি তুলে দেয় সরকার গঠিত ট্রাস্টের হাতে। এছাড়া কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়, মসজিদ তৈরি করার জন্য দিতে হবে পাঁচ একর জমি।
প্রধান বিচারপতি চন্দ্রচূড় ছাড়াও ওই বেঞ্চে ছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগোই, প্রাক্তন প্রধান বিচারপতি এস এ বোবদে, প্রাক্তন বিচারপতি অশোক ভূষণ ও প্রাক্তন বিচারপতি এস আব্দুল নাজির। ২০১৯ সালের ৯ নভেম্বর দেওয়া হয়েছিল সেই ঐতিহাসিক রায়।
অতিথি তালিকায় রয়েছেন বহু বিশিষ্ট আইনজীবীও। আমন্ত্রণ করা হয়েছে প্রাক্তন অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল, সলিসিটর জেনারেল তুষার মেহতাকে। সাধু-সন্ত, শিল্পপতি, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ মোট ৭০০০ জন থাকবেন ওই তালিকায়। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিশেষ সচিব প্রোটোকল মেনে সবাইকে আমন্ত্রণপত্র পাঠাচ্ছেন।
অযোধ্যায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই রামলালার মূর্তি প্রকাশ্যে এসেছে। নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে অযোধ্যা। আলোয় সেজে উঠেছে মন্দির প্রাঙ্গন।