Bankura: মিটার বসাতে গিয়েই বিস্ফোরণ, ঝলসে গেল কর্মীর হাত-মুখ-গলা – Bengali News | Bankura Big accident while installing smart meter. burned one person
ঝলসে গিয়েছে কর্মীর হাত-মুখImage Credit source: TV9 Bangla
বাঁকুড়া: আটা কলে পুরানো মিটার বদলে স্মার্ট মিটার বসাতে গিয়ে বড়সড় দুর্ঘটনা। স্মার্ট মিটার থেকে ছিটকে আসা আগুনে ঝলসে গেল বরাত পাওয়া সংস্থার এক কর্মীর মুখ ও হাত। ঘটনা বাঁকুড়ার কোতুলপুরে। আহত ওই কর্মীকে কোতুলপুরের গোগড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার কোতুলপুরের লাগদারপট্টি এলাকায় একটি আটা কলে বুধবার সন্ধ্যায় পুরানো মিটার বদলে নতুন মিটার বসানোর কাজ করছিলেন বরাতপ্রাপ্ত সংস্থার অনুপ কুন্ডু নামের এক কর্মী। তার বিদ্যুৎ বিচ্ছিন্ন না করেই স্মার্ট মিটার বসাতে গেলে আচমকাই আগুন ছিটকে এসে ঝলসে দেয় ওই ঠিকা সংস্থার কর্মীর মুখ ও হাত। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই পড়ে যান অনুপ কুন্ডু। এরপর স্থানীয়রাই উদ্ধার করে তাঁকে স্থানীয় গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই আপাতত চিকিৎসাধীন রয়েছেন অনুপ কুন্ডু। ঘটনার খবর পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন আহতকে দেখতে যান বিদ্যুৎ দফতরের স্থানীয় কোতুলপুর স্টেশন সুপারিনটেনডেন্ট। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন আহত কর্মীর পরিবারের লোকজনও। স্থানীয়দের দাবী বিদ্যুৎ বিচ্ছিন্ন না করে স্মার্ট মিটার বসাতে গিয়েই বিপত্তি ঘটেছে।