ভারত-পাকিস্তান যুদ্ধে তুরস্ক পাকিস্তানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ভারতের সঙ্গে শত্রুতা করতে পিছপা নয় তারা। সেটা প্রকাশ্যে আসার পর থেকে ভারতের তারকারা একেবারে টার্কি বয়কটের পথে হাঁটলেন। রূপালি গঙ্গোপাধ্যায় ভারতের অপারেশন সিঁদুরের সমর্থনে রোজ গলা ফাটাচ্ছেন টুইটারে। এর আগে ফওয়াদ খানের অপমানের যোগ্য জবাব দিয়েছেন অভিনেত্রী।
এবার তিনি লিখলেন, ”আমরা কি সকলে টার্কির বুকিং বাতিল করে দিতে পারি? এটা ভারতবাসীর কাছে আমার অনুরোধ। যাঁরা তারকা, ইনফ্লুয়েন্সার, বেড়াতে যান সকলকে বলছি। অন্তত এটুকু আমরা একজন ভারতীয় হিসাবে করতে পারি।” রূপালি এমন কথা লেখার পর একজন সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ”যেসব তারকারা এরপর টার্কি গিয়ে শুটিং করবেন, তাঁদের বয়কট করা হোক।” আর একজন লিখেছেন, ”আমি লন্ডনে থাকি। দশদিনের ট্রিপে টার্কি যাওয়ার প্ল্যান করছিলাম। তবে বাতিল করে দিয়েছি।” পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ফেসবুকে লিখেছেন, ”টার্কি ইজ বেস্ট রোস্টেড, নট ভিজিটেড।” তাঁর মন্তব্য থেকে স্পষ্ট বেড়াতে যাওয়া হোক বা শুটিং, তিনি টার্কিকে বয়কট করছেন।
লক্ষণীয় শুটিং লোকেশন হিসাবে তুরস্কের বিভিন্ন জায়গা ভারতীয় প্রযোজক-পরিচালকদের বেশ প্রিয় ছিল। যশ দাশগুপ্ত আর মিমি চক্রবর্তী ‘গ্যাংস্টার’ ছবির এলাহি শুটিং করেছিলেন টার্কিতে। বলিউডের তাবড় তারকারা একের পর এক ছবির জন্য শুটিং করতে গিয়েছেন সেখানে। কিন্তু বলিউড বা টলিউডের প্রযোজকরা এবার কড়া সিদ্ধান্ত নিয়েছেন। এই বছর যাঁদের টার্কিতে শুটিং করার কথা ছিল, তাঁরা এখনই বাতিল করে দিয়েছেন সেই প্ল্যান।