IND vs ENG: বিরাট কি ফিরছেন, বুমরা বিশ্রামে, অভিষেক হবে ধ্রুবের? আজ দল নির্বাচনী বৈঠকে খোঁজা হবে তিন প্রশ্নের উত্তর – Bengali News | IND vs ENG: Indian Team Selection dilemma for remaining 3 test vs England
কলকাতা: মহম্মদ সামি পুরো সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। রবীন্দ্র জাডেজাকেও পাওয়া যাবে না বাকি তিন টেস্টে। চোট সারিয়ে টিমে ফিরতে চলেছেন লোকেশ রাহুল। এই পর্যন্ত সবই জানা। যা অজানা তা হল, দুরন্ত ফর্মে থাকা জসপ্রীত বুমরাকে কি বিশ্রাম দেওয়া হবে পরের টেস্টে? হায়দরাবাদ টেস্ট হেরে সিরিজের শুরুতেই ০-১ পিছিয়ে পড়েছিল ভারতে। বিশাখাপত্তনম টেস্ট জিতে সিরিজ ১-১ করেছে রোহিত শর্মার টিম। রাজকোটে পরের টেস্ট। ওই টেস্ট জিততে পারলে ইংল্যান্ডের উপর চাপ তৈরি করা যাবে। বুমরা অবিশ্বাস্য ফর্মে ছিলেন বিশাখাপত্তনমে। তাঁকে না পেলে ভারতীয় টিম চাপে পড়ে যাবে। তার থেকেও বড় যে প্রশ্ন ঘুরে ফিরে বেড়াচ্ছে তা হল, বিরাট কোহলি কি টিমে ফিরছেন? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আজ বাকি তিন টেস্টের টিম নিয়ে আলোচনায় বসবেন জাতীয় নির্বাচকরা। অজিত আগরকরদের কাছে বাকি টিম নিয়ে তেমন চাপের কিছু নেই। তিনটে বিষয় নিয়ে আলোচনা হবে। বিরাট ব্যক্তিগত কারণে প্রথম দুটো টেস্ট খেলতে পারেননি। তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। সেই কারণেই নাকি প্রথম দুটো টেস্ট থেকে ছুটি নিয়েছেন। তৃতীয় টেস্টে কি টিমে ফিরবেন বিরাট? সিরিজ এখন উত্তেজনার তুঙ্গে। এই পরিস্থিতিতে টিমকে আত্মবিশ্বাস ও বিপক্ষকে পাল্টা চাপে রাখতে পারে বিরাটের উপস্থিতি। কিন্তু তিনি টিমে থাকবেন কিনা, তা নিয়ে এখনও সংশয় রয়েছে। সবচেয়ে বড় কথা হল, আগের দুটো টেস্টে টপ অর্ডারে যশস্বী জয়সওয়াল ও শুভমন গিল পারফর্ম করেছেন। তার পরও টিমকে চাপে পড়তে হয়েছে মিডল অর্ডারের ব্যর্থতার কারণে। শ্রেয়স আইয়ার থেকে শুরু করে লোয়ার অর্ডার পর্যন্ত কেউই কার্যত ভরসা দিতে পারেননি। সে কথা মাথায় থাকছে নির্বাচকদের।
বুমরাকে বিশ্রাম দেওয়া মানে ভারতীয় বোলিংয়ে নেতৃত্ব দেওয়ার লোক থাকবে না। বল হাতে চমৎকার পারফর্ম করেছেন বুমরা। কিন্তু এও বলা হচ্ছে, টানা খেলার ধকলের কারণে তাঁকে পরের টেস্ট বিশ্রাম দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে মহম্মদ সিরাজ হবেন একমাত্র পেসার। বাকি তিন স্পিনার খেলবেন। আর একটা জায়গা ভাবাচ্ছে নির্বাচকদের। শ্রীকর ভরত এখনও ভরসা দিতে পারছেন না। কিপিংয়ে তাও পারফর্ম করলে ব্যাট হাতে ব্যর্থ। যা চাপে রাখছে টিম ম্যানেজমেন্টকে। তাঁর বদলে তরুণ কিপার-ব্যাটার ধ্রুব জুরেলের অভিষেক হবে কিনা, তা নিয়েও থাকছে ভাবনা চিন্তা।