দিঘার সমুদ্রে ভেসে উঠল জগন্নাথদেবের মূর্তি, মন্দির উদ্বোধনের আগে আশীর্বাদ প্রভুর?, বাংলার মুখ
আগামী ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করা হবে। আর তার ১০ দিন আগে দিঘার সমুদ্র থেকে ভেসে উঠল জগন্নাথদেবের কাঠের মূর্তি। রবিবার বিকেলে মাইতি ঘাটে (জগন্নাথ মন্দিরের নয়া ঘাট) জগ্ননাথদেবের মূর্তি দেখতে পান কয়েকজন ব্যক্তি। তাঁরা নবনির্মিত জগন্নাথ ঘাটে কাজ করছিলেন। সেইসময় সমুদ্রের জলে জগন্নাথদেবের সাদা মূর্তি ভেসে আসতে দেখেন এক শ্রমিক। তিনি তড়িঘড়ি ঘাটের কাছে এক ব্যক্তিকে ডাকেন। তাঁরা দু’জনে মিলে জগন্নাথদেবের মূর্তি তুলে নিয়ে আসেন। আর সেই খবর চাউর হয়ে যেতেই অনেকে ঘাটের কাছে ভিড় জমাতে থাকেন। জগন্নাথ মন্দির উদ্বোধনের ঠিক আগেই স্বয়ং জগন্নাথদেবের মূর্তি ভেসে আসার ঘটনায় সকলেই কৌতূহলী হয়ে পড়েন।
তারইমধ্যে স্বপন দোলাই নামে এক ব্যক্তি বলেন, ‘জগন্নাথ মন্দিরের মূল ঘাটে কর্মচারীরা কাজ করছিলেন। সেইসময় জোয়ার চলছিল। জোয়ার চলার কারণেই জগন্নাথ ঠাকুরের মূর্তি ভেসে আছে। সেইসময় একজন শ্রমিক প্রথমে জগন্নাথদেবের মূর্তি দেখতে পান। উনি প্রথমে ধরেন। তারপর আমায় ডাকেন। আমরা দু’জনে মিলে জগন্নাথ ঠাকুরের মূর্তি তুলে আনি। আর এখানে বসিয়ে রাখি। পরে বিষয়টি ছড়িয়ে পড়ে।’
(বিস্তারিত পরে আসছে)