Bhangar Chaos: এবার ভাঙড়! আগুন লাগানো হল পুলিশের গাড়িতে, ভাঙচুর বাইক – Bengali News | Some protestor of wakaf law accused to harassed police and burn police car with fire
পুলিশের উপর হামলা দুষ্কৃতীদেরImage Credit source: Tv9 Bangla
ভাঙড়: এবার ভাঙড়। ফের আক্রান্ত পুলিশ। ভাঙচুর করা হল একাধিক পুলিশের গাড়ি। কার্যত আক্রমণ করা হয়েছে পুলিশ আধিকারিকদের। ভাঙড়ের শোনপুরের ঘটনা। জানা যাচ্ছে, নয়া ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ দেখাচ্ছিলেন আইএসএফ কর্মীরা। তখনই উত্তেজনা ছড়ায়। বিধায়ক নওশাদ সিদ্দিকি আসার আগেই কেউ বা কারা পুলিশের গাড়ি ভাঙুচর ও তাতে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ। এর আগে মুর্শিদাবাদের সুতি, জঙ্গিপুর, ধুলিয়ানে এইভাবে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ছবি দেখেছিল বাংলা। এবার সেই একই চিত্র দেখা গেল ভাঙড়ে।
আজ সকাল থেকে তপ্ত ছিল ভাঙড়। এ দিন, বাসন্তী হাইওয়ের কাছে শোনপুর বাজারে একটি নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে একটি বিক্ষোভ কর্মসূচি ছিল। সেই নিয়ে দফায়-দফায় উত্তেজনা আগেই ছিল। সেই প্রতিবাদের ঝাঁঝ বাড়ে বিকেলে। নওশাদ আসার আগেই এই উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় পুলিশ কর্মীদের আহত হওয়ার অভিযোগ উঠে আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমেছে RAF।
জানা যাচ্ছে, প্রতিবাদীরা এ দিনের পুলিশের গাড়িতে আগুন জ্বালানোর পাশাপাশি, একাধিক বাইকে আগুন ধরিয়ে দেন। রাস্তার উপরে দাউ-দাউ করে জ্বলতে থাকে বাইকটি। শুধু তাই নয়, ভাঙচুর করা হয় পুলিশ ভ্যান। ইট বৃষ্টি চলতে থাকে পুলিশের উদ্দেশ্যে। তবে শুধু ভাঙড় নয়, ওয়াকফের প্রতিবাদে উত্তেজনা ছড়িয়েছে মৌলালির রামলিলা ময়দানে।
