‘ওখানে’ হিন্দুদের ভোট দিতেই দেবে না, তাই রাষ্ট্রপতি শাসনেই নির্বাচন করাতে হবে! দাওয়াই শুভেন্দুর, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

‘ওখানে’ হিন্দুদের ভোট দিতেই দেবে না, তাই রাষ্ট্রপতি শাসনেই নির্বাচন করাতে হবে! দাওয়াই শুভেন্দুর, বাংলার মুখ

Spread the love

এত দিন রাজ্য়ে রাষ্ট্রপতি শাসনের দাবিতে সুর চড়াতে দেখা গিয়েছে বিজেপি নেতানেত্রীদের। আর এবার রাষ্ট্রপতি শাসনের অধীনে নির্বাচন করানোর দাবি তুললেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

আজ (সোমবার – ১৪ এপ্রিল, ২০২৫) এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, রাজ্য়ের যেসমস্ত এলাকায় হিন্দু ভোটারদের সংখ্যা তুলনামূলক কম, অর্থাৎ – মূলত রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে হিন্দুরা ভোট দিতেই পারবে না। তাই, বাংলায় রাষ্ট্রপতি শাসনের অধীনে ভোট করানো উচিত। সংবাদ সংস্থা এএনআই অনুসারে – সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদের জেরে মুর্শিদাবাদ-সহ রাজ্যের বিভিন্ন অংশে অশান্তি ও হিংসা ছড়িয়ে পড়ার প্রেক্ষিতেই এই মন্তব্য করেছে শুভেন্দু অধিকারী।

একইসঙ্গে, মুর্শিদাবাদের হিংসার ঘটনাকে তিনি ‘দেশবিরোধী কার্যকলাপ’ হিসাবেও চিহ্নিত করেছেন। দাবি তুলেছেন, জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে দিয়ে এই গোটা ঘটনার তদন্ত করাতে হবে।

প্রসঙ্গত, ইতিমধ্য়েই মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করেছেন শুভেন্দু। আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী জেলায় মোতায়েনও করা হয়েছে। একইসঙ্গে মোতায়েন রয়েছে বিএসএফ ও পুলিশ।

এদিন এই গোটা ঘটনা নিয়ে কথা বলার সময় এএনআই-এর প্রতিনিধিকে শুভেন্দু বলেন, ‘আমি আমার পিটিশনে একথা উল্লেখ করেছি, যেভাবে ওখানে গুলিচালনা হয়েছে, বোমাবাজি হয়েছে, দেশবিরোধী কার্যকলাপ করা হয়েছে, তাতে এনআইএ তদন্ত হওয়া উচিত। যেসমস্ত এলাকায় হিন্দুরা সংখ্য়ালঘু, সেখানে হিন্দুদের ভোট দিতেই দেওয়া হবে না। তাই গণতন্ত্রের স্বার্থে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করানো দরকার।’

উল্লেখ্য, এদিন সকালে শুভেন্দুর আগে তাঁর দলীয় সহকর্মী তথা রাজ্য বিজেপির সভাপতি ও কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারকেই এই হিংসার জন্য দায়ী করেন। বলেন, বাংলায় যদি একবার বিজেপির সরকার গঠিত হয়, তাহলেই মুর্শিদাবাদে যারা হিংসা ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ করা হবে।

সুকান্ত বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরই মুর্শিদাবাদের পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু, এখনও সেখানে সেই অবস্থা ফিরে আসেনি, যাতে হিন্দুরা মুক্তভাবে এবং মাথা উঁচু করে বাঁচতে পারে। যাঁরা মুর্শিদাবাদ জেলা থেকে পালিয়ে মালদায় আশ্রয় নিয়েছেন, তাঁরা এখনও শরণার্থীর মতো জীবন কাটাচ্ছেন এবং তাঁরা তাঁদের ঘরে ফিরে যেতে রাজি হচ্ছেন না।’

এরপর সরাসরি মুখ্যমন্ত্রীকে তোপ দেগে সুকান্ত বলেন, ‘বাংলার হিন্দুরা বুঝতে পারছেন, মমতা বন্দ্যোপাধ্য়ায় পশ্চিমবঙ্গকে মৃদু বাংলাদেশে পরিণত করতে সক্ষম হয়েছেন।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *