Bachchan Family Investment: পেয়েছে ‘হাই-রিটার্ন’! বিনিয়োগের এই একটা ফর্মুলায় ‘ভাগ্য ঘুরেছে’ বচ্চন পরিবারের – Bengali News | Not Only Acting, By This Trick Bachchan Family Becomes Millionaire
মুম্বই: ২০২২-২৩ অর্থবর্ষের রিপোর্ট অনুযায়ী, গোটা বচ্চন পরিবারের স্থাবর-অস্থাবর মিলিয়ে মোট সম্পত্তির পরিমাণ প্রায় দেড় হাজার কোটি টাকা। যার মধ্যে অভিষেক বচ্চনের রয়েছে ২৮০ কোটি টাকার সম্পত্তি ও অমিতাভ বচ্চনের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩০০ কোটি টাকা।
তবে জানেন কি শুধুমাত্র অভিনয় কিংবা বিজ্ঞাপনই নয়, নিজের এই বিপুল সম্পত্তি তৈরিতে অন্য বিনিয়োগের ফর্মুলা ব্যবহার করছে বচ্চন পরিবার। যখন গোটা দুনিয়া ভারী রিটার্ন পেতে শেয়ার বাজারে বিনিয়োগের জন্য ছুটছে, সেই সময় নিজেদের বিনিয়োগের রিটার্নকে অন্যদের থেকে বেশি রাখতে নতুন ফর্মুলা তৈরি করেছে তাঁরা।
কী এই নতুন ফর্মুলা? শেয়ার বাজার তো বটেই, মুম্বই জুড়ে কার্যত রিয়েল এস্টেটেরও ব্যবসা ফেঁদে ফেলেছেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন। সম্প্রতি, নিজের মুম্বইয়ের একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট ৮৩ কোটি টাকায় বিক্রি করেন ‘বিগ বি’। ২০২১ সালে ৩১ কোটি টাকায় সেই আবাসনটি কিনেছিলেন তিনি। অর্থাৎ, চার বছরে রিটার্ন ১৬৮ শতাংশ।
তবে শুধু এই একটাই নয়। মুম্বই থেকে দুবাই সব জায়গাতেই নিজেদের সম্পত্তির বিস্তার করেছে তাঁরা। যার মধ্যে মুম্বইয়ের মুলুন্দে বচ্চন পরিবারের রয়েছে ২৪ কোটি টাকা মূল্যের ১০টি ফ্ল্যাট। যার মধ্যে মোট ১৪ কোটি টাকার ৬টি ফ্ল্যাট রয়েছে অভিষেকের ও বাকি চারটি রয়েছে অমিতাভ বচ্চনের নামে। যার মোট দর প্রায় ১০ কোটি টাকা।
এছাড়াও, মুম্বইয়ের বোরিভালিতেও অভিষেকের নামে রয়েছে ১৫ কোটি টাকা মূল্যের আরও ছয়টি ফ্ল্যাট। অন্ধেরিতে ‘বিগ-বি’র নামে রয়েছে তিন তলা একটি অফিস বিল্ডিংও, যার মূল্য কমপক্ষে ৬০ কোটি টাকা। উত্তরপ্রদেশের অযোধ্যাতেও সম্প্রতি ১৪ কোটি টাকার সাড়ে সাত কাঠা জমি কিনেছেন তিনি। এছাড়াও, দুবাই ও প্যারিসেও তাঁর নামে রয়েছে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট।
