Burdwan: গ্রামে জলের পাইপ বসাতে গিয়ে এ কী কাণ্ড! ২৮০ ফুট খুঁড়তেই উঠে আসছে আগুন, বর্ধমানে ‘সুপ্ত আগ্নেয়গিরি’? ছুটে এল ফায়ার ব্রিগেড – Bengali News | Gas is leaking from water pipes, it burns when ignited, scary picture in Burdwan
ব্যাপক শোরগোল এলাকায় Image Credit source: TV 9 Bangla
কালনা: জলের পাইপ লাইন থেকে বের হচ্ছে গ্যাস। আগুন দিতেই তা জ্বলছে। এ এমনই চাঞ্চল্যকর ছবি দেখা গিয়েছে পূর্ব বর্ধমানের প্রত্যন্ত গ্রামে। ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। চাঞ্চল্য পূর্বস্থলী ১ নম্বর ব্লকের সমুদ্রগড় দক্ষিণবাটি এলাকায়। ঘটনাস্থলে পুলিশ, ফায়ার ব্রিগ্রেড। খবর পেয়ে এলাকায় আসেন ওএনজিসির আধিকারিকরা। যদিও তাঁরা কিছু না জানলেও নানা নমুনা সংগ্রহ করেছেন বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, পানীয় জল সরবরাহের লক্ষ্যে এলাকায় বসানো হচ্ছিল জলের পাইপ, পাম্প। সূত্রের খবর, প্রায় ২৮০ ফুট পাইপ বসানোর সময় হঠাৎই সেটি থেকে গ্যাস বেরোতে শুরু করে। মিস্ত্রিদের সন্দেহ হওয়ায় তারা পাইপের মুখে আগুন দিতেই সেখানে আগুন জ্বলতে দেখা যায়। দৃশ্য দেখে ততক্ষণে মাথায় উঠেছে কাজ। খবর চাউর হতেই তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। শেষ পাওয়া আপেডেটে জানা যাচ্ছে, যে জায়গায় পাইপ বসানোর কাজ হচ্ছিল সেখানে কাজ বন্ধ রেখে এলাকাটিকে ঘিরে রাখা হয়েছে। বালি দিয়ে পাইপের মুখ ঢেকে রাখা হয়েছে।
গ্রামের বাসিন্দা কুদ্দুস আলী শেখ বলছেন, “খবর পেয়ে গত শনিবার সকালে এলাকায় যায় নাদনঘাট থানার পুলিশ। আসে দমকলও। কিছু সময়ের মধ্যে এসে যায় ওএনজিসি-র আধিকারিকরাও। শুরু হয়ে যায় নমুনা সংগ্রহের কাজ। ফায়ার ব্রিগেডও এসেছিল, পুলিশও এসেছিল। এবার দেখা যায় কী হয়।”