৫ বছরের মেয়ের বমি বাবাকে দিয়ে সাফ করালেন সরকারি চিকিৎসক! অমানবিক আচরণে নিন্দার ঝড়, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

৫ বছরের মেয়ের বমি বাবাকে দিয়ে সাফ করালেন সরকারি চিকিৎসক! অমানবিক আচরণে নিন্দার ঝড়, বাংলার মুখ

Spread the love

৫ বছরের ছোট্ট মেয়ে, তার উপর অসুস্থ! সেই একরত্তি শিশু হাসপাতালের জরুরি বিভাগে বমি করে ফেলায় তার বাবার সঙ্গে চরম অমানবিক আচরণের অভিযোগ উঠল কর্তব্যরত সরকারি চিকিৎসকের বিরুদ্ধে। শিশুর বাবাকে দিয়েই হাসপাতালের মেঝেয় ছড়িয়ে থাকা বমি পরিষ্কার করালেন ওই চিকিৎসক!

এই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশাল মিডিয়া ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)। আর, সেই ঘটনা নজরে পড়তেই সমালোচনায় সরব হয়েছে বিভিন্ন মহলের মানুষ।

অন্যদিকে, ওই চিকিৎসকের কথা মতো মেয়ের বমি পরিষ্কার করে দিলেও পরে সুপারের কাছে অভিযোগ জানান শিশুটির বাবা। আর, এই পুরো ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের কেন্দ্রে চলে এসেছে নদিয়ার শান্তিপুর রাজ্য সাধারণ হাসপাতাল।

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, হেনস্থার শিকার ওই ব্যক্তির নাম সমর শীল। তিনি শান্তিপুরেরই হরিপুর মেলের মাঠ এলাকার বাসিন্দা। গত কয়েক দিন ধরেই তাঁর ৫ বছরের ছোট্ট মেয়েটা জ্বরে ভুগছে। সঙ্গে বারবার বমিও করছে। তাই গত বুধবার মেয়েকে নিয়ে শান্তিপুর রাজ্য সাধারণ হাসপাতালে যান সমর। সেখানেই জরুরি বিভাগের ভিতর তাঁর মেয়ে বমি করে ফেলে।

হিসাব অনুসারে, এই সমস্ত ক্ষেত্রে হাসপাতালের সাফাইকর্মীদেরই ওই বমি পরিষ্কার করে দেওয়ার কথা। এবং এই কাজ করার জন্য উপযুক্ত এবং স্বাস্থ্যসম্মত সরঞ্জামও তাঁদের কাছে থাকার কথা।

কিন্তু, এক্ষেত্রে তেমন কিছুই করা হয়নি। সমরের দাবি, মেয়ে জরুরি বিভাগের ভিতর বমি করে ফেলার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে ডেকে পাঠান এবং তাঁকে বলেন, ওই বমি পরিষ্কার করে দিতে! এতে স্বাভাবিকভাবেই হকচকিয়ে যান সমর। জানতে চান, তিনি কেন হাসপাতালের মেঝেয় পড়া বমি পরিষ্কার করবেন?

সমরের দাবি, এর জবাবে ওই চিকিৎসক তাঁকে জানান, যেহেতু হাসপাতালের সুপার উপস্থিত নেই, তাই তাঁকেই বমি পরিষ্কার করতে হবে। কারণ, তাঁর মেয়ে বমি করেছে।

স্বাভাবিকভাবেই এখানে প্রশ্ন ওঠে, বমি পরিষ্কার করবেন সাফাইকর্মীরা। তার সঙ্গে হাসপাতালের সুপারের থাকার বা না থাকার কী সম্পর্ক? তিনি তো আর বমি পরিষ্কার করবেন না? নাকি, সুপার নির্দেশ না দিলে সাফাইকর্মীরা ওই কাজ করবেন না? নাকি হাসপাতালে ওই কাজ করার জন্য কোনও সাফাইকর্মীই নেই? এসব প্রশ্নের অবশ্য উত্তর আপাতত পাওয়া যায়নি।

ঘটনার ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই চিকিৎসকের সঙ্গে কথা বলতে বলতেই শিশুর বাবা বমি পরিষ্কার করছেন। এই ঘটনার পর বুধবার রাতে হাসপাতালের সুপারের কাছে এই বিষয়ে অভিযোগ দায়ের করেন সমর। সুপার তারক বর্মন বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে দাবি সূত্রের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *