Tirupati Laddoo Row: তিরুপতির প্রসাদী লাড্ডুতে গরুর চর্বি! ৪ মাথাকে গ্রেফতার CBI-এর – Bengali News | CBI Arrested 4 Accused in Tirupati Laddoo Row
প্রতীকী ছবিImage Credit source: Hk Rajashekar/IT Group via Getty Images | Krishnendu Chatterjee/Moment/Getty Images
কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলে রাজ্যের অবস্থা যে মোটেই ঠিক ছিল না, সেই ইঙ্গিত দিতেই ক্ষমতায় এসেই তিরুপতির লাড্ডুকে কাঠগড়ায় তুলেছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। বলেছিলেন, মন্দিরের প্রসাদী লাড্ডুতে মেশানো হয় গরুর মাংসের চর্বি ও মাছের তেল। আর তারপরেই তুঙ্গে চড়ে রাজনীতি। নতুন মুখ্যমন্ত্রীর অভিযোগকে নস্যাৎ করেন প্রাক্তন।
কিন্তু ধোপে টেকেনি অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতিরোধ। নায়ডুর অভিযোগ মান্যতা দিয়ে দেয় টেস্টের রিপোর্ট। পুরনো লাড্ডু পরীক্ষা করে মেলে তাতে নাকি রয়েছে গরুর চর্বি ও মাছের তেল ছাড়াও পাম ওয়েলও।
এবার সেই ঘটনায় দেশজুড়ে সাড়া ফেলে চার অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই। মূলত, ভুয়ো নথি দিয়ে মন্দিরের থেকে টেন্ডার নিয়েছিল তারা। তার ভিত্তিতেই যে ঘি তারা মন্দির কর্তৃপক্ষকে সরবরাহ করত, তাতেই মেশানো হত গরুর মাংসের চর্বি। এই ভিত্তিতে সোমবার চার অভিযুক্তকে আদালতে পেশ করা হয়। আপাতত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
গ্রেফতার হওয়া চার অভিযুক্ত তিনটি ভিন্ন রাজ্যের ডেয়ারি সংস্থার প্রধান। ধৃতদের মধ্যে রয়েছেন, উত্তরাখণ্ডের ভোলেবাবা ডেয়ারির বিপিন জৈন ও পোমিল জৈন। তামিলনাড়ুর বৈষ্ণবী ডেয়ারির অপূর্ব বিনয় কান্ত এবং তেলেঙ্গানার এআর ডেয়ারির রাজাশেখরন।
সিবিআই সূত্রে খবর, ভুয়ো নথি দিয়ে এআর ডেয়ারির নামে আদায় করা হয়েছিল টেন্ডার। তারপর পাঠানো পশু চর্বি ও ভেজাল মেশানো ঘি। যা দিয়ে তৈরি হত প্রসাদী লাড্ডু।
