Budget 2024: কয়েকদিনের মধ্যেই মনমোহন সিং-এর রেকর্ড ভেঙে দেবেন নির্মলা, কীভাবে জানেন? – Bengali News | Finance Minister Nirmala Sitharaman to touch the record in this year’s Budget
নয়া দিল্লি: আগামী ২ ফেব্রুয়ারি বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। অর্থমন্ত্রী হিসেবে এবার ষষ্ঠ বাজেট পেশ করবেন তিনি। এনডিএ জোট সরকারে তিনিই প্রথম অর্থমন্ত্রী যিনি এই রেকর্ড গড়তে চলেছেন। এছাড়া মহিলা অর্থমন্ত্রী হিসেবে প্রথমবার অন্তর্বর্তী বাজেট পেশ করার রেকর্ডও থাকবে সীতারামণের ঝুলিতে। স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত মোট ৯১বার বাজেট পেশ হতে দেখেছে দেশবাসী। এর মধ্যে ১৪টি অন্তর্বর্তী বাজেট ও বাকিগুলি পূর্ণাঙ্গ বাজেট। এবার পেশ হবে ১৫ তম অন্তর্বর্তী বাজেট।
দেশে সবথেকে বেশি বাজেট পেশ করার রেকর্ড রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই-এর ঝুলিতে। মোট ১০ বার বাজেট পেশ করেছিলেন তিনি। এছাড়া প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম মোট ৯ বার বাজেট পেশ করেছেন, প্রণব মুখোপাধ্য়ায়, যশবন্ত সিনহা ও মনমোহন সিং পেশ করেছেন ৮টি করে বাজেট। প্রথম মহিলা হিসেবে বাজেট পেশ করেছিলেন ইন্দিরা গান্ধী।
তবে পরপর ৬টি বাজেট পেশ করলে মোরারজি দেশাই-এর রেকর্ড ছুঁয়ে ফেলবেন সীতারামণ। ভেঙে দেবেন মনমোহন সিং-এর রেকর্ড। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং পরপর ৫ বার বাজেট পেশ করেছিলেন।
উল্লেখ্য, সাধারণ নির্বাচনের আগে অর্থাৎ নতুন সরকার গঠনের আগে হয় এই অন্তর্বর্তী বাজেট। ২০২৪-এক লোকসভা নির্বাচন আছে বলেই এবার পূর্ণাঙ্গ বাজেট হচ্ছে না। তবে ঋণ থেকে কর, সব ক্ষেত্রে সরকার কী সিদ্ধান্ত নেয় সেই দিকে তাকিয়ে রয়েছে সব মহল।