Mumbai Fire: দাউদাউ করে জ্বলছে আস্ত রেস্তোরাঁ, কয়েক কিমি দূর থেকেও দেখা গেল আগুনের শিখা – Bengali News | Massive Fire Broke out at a Restaurant in Mumbai, 4 Fire tenders on Spot
আগুন নেভানোর চেষ্টা দমকল কর্মীদের।Image Credit source: ANI
মুম্বই: মধ্য রাতে ভয়াবহ আগুন (Fire)। প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে মুম্বইয়ের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। কয়েক মুহূর্তেই তা ভয়াবহ আকার নেয়। কয়েক কিলোমিটার দূর থেকেও আগুনের শিখা দেখা যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। মধ্যরাতে আগুন লাগায় হতাহতের ঘটনা না ঘটলেও, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেই জানা গিয়েছে।
বৃহস্পতিবার রাত ২টো নাগাদ মুম্বইয়ের কামাঠিপুরায় গ্রান্ট রোডের কাছে অবস্থিত একটি বড় নামকরা রেস্তোরাঁয় আগুন লাগে। রেস্তোরাঁর ভিতরে দাহ্য পদার্থ মজুত থাকায় নিমেষে আগুন ছড়িয়ে পড়ে। গোটা রেস্তারাঁটিই আগুনের গ্রাসে চলে যায়। পথচলতি মানুষ রেস্তোরাঁ থেকে কালো ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পেয়েই দমকলে খবর দেন। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায়, ভোরবেলা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
#WATCH | Mumbai, Maharashtra: A fire broke out at a restaurant in Kamathipura, Grant Road at 2 am. Four fire tenders are on the spot. No injuries reported so far: Mumbai Fire Service pic.twitter.com/Pi2ZhWQTwL
— ANI (@ANI) January 25, 2024
মুম্বই ফায়ার সার্ভিসের এক আধিকারিক জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। হাইড্রোলিক ল্যাডার আনা হয়েছে। গোটা রেস্তারাঁতেই আগুন ছড়িয়ে পড়েছে। ছাদেও আগুন পৌঁছে যায়। দূর থেকে আগুনের শিখা দেখা যাচ্ছিল। দমকলের বিশেষ ল্যাডারে করে কর্মীরা উপর থেকে আগুন নেভানোর চেষ্টা করছেন।
জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের সময় রেস্তোরাঁর ভিতরে কোনও কর্মী উপস্থিত ছিলেন না, সেই কারণে হতাহতের ঘটনা ঘটেনি। তবে গোটা রেস্তোরাঁটিই পুড়ে যাওয়ায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।