Supreme Court: কাঁথির সমবায় ব্যাঙ্কের ভোটেও কেন্দ্রীয় বাহিনী, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের – Bengali News | Supreme Court order to deploy central force at Kanthi co operative vote
নয়া দিল্লি: এবার এ রাজ্যের সমবায় ব্যাঙ্ক নির্বাচনেও মোতায়েন থাকবে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী। এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুধু তাই, সুষ্ঠ ভোটের জন্য ভোটারদের ভোটগ্রহণ কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সমবায় ব্যাঙ্কে নির্বাচন রয়েছে। সেই ভোটেই সংবেদনশীল বুথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বাংলার ভোটে কেন্দ্রীয় বাহিনী নতুন কিছু নয়। বিধানসভা, লোকসভা থেকে শুরু করে পঞ্চায়েত নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।
১৫ ডিসেম্বর নির্বাচনের দিন পরীক্ষা থাকার কারণে পাঁচটি ভোটগ্রহণ কেন্দ্র পরিবর্তন করতে হয়েছে। যে এলাকায় নতুন ভোটগ্রহণ তৈরি কেন্দ্র করা হচ্ছে, সেখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এর প্রেক্ষিতে পাঁচটি ভোটগ্রহণ কেন্দ্রে আধা সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ।
একইসঙ্গে নতুন ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং কো-অপারেটিভ ইলেকশন কমিশনকে পরিবহনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। কাঁথি সমবায় ব্যাঙ্ক নির্বাচনে রাজ্যের সব ভোটগ্রহণ কেন্দ্রে সিসিটিভি লাগানোর নির্দেশও দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে।
সম্প্রতি তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের নির্বাচন ঘিরেও অশান্তি হয়েছে। নন্দীগ্রামে সমবায় নির্বাচনে জয়ের পরেই তৃণমূল কংগ্রেস কর্মীকে বাড়িতে ঢুকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তৃণমূল কর্মীর পেটে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
