Bankura: অস্বাভাবিক ভাবে শুয়ে ছিলেন, ভাড়াটেকে যে অবস্থায় দেখলেন বাড়িমালিক – Bengali News | Bankura A labour’s unnatural death in Bankura
ভাড়াটের দেহ উদ্ধারImage Credit source: TV9 Bangla
বাঁকুড়া: বেসরকারি কারখানার এক কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের ধুলাপাড়া এলাকায়। মৃত কর্মীর নাম রাজনিশ চৌহান। বছর ৫৫ বয়সী ওই কর্মীকে তাঁরা ভাড়া বাড়ির সামনের দাওয়ায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে বিষ্ণুপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে। কারখানার ওই কর্মীর মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার বিষ্ণুপুর শহর লাগোয়া দ্বারিকা শিল্প তালুকে একটি বেসরকারি স্টিল কারখানায় ইলেক্ট্রিশিয়ানের কাজ করতেন উত্তরপ্রদেশের মোহাম্মদপুরের বাসিন্দা রাজনীশ চৌহান। তিনি বিষ্ণুপুরের ৯ নম্বর ওয়ার্ডের ধূলাপাড়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। বাড়ির মালিক জানিয়েছেন, অন্যান্য দিনের মতোই গতকাল রাতে কারখানার কাজ সেরে বাড়িতে ফিরে খাওয়া দাওয়া সারেন রাজনীশ। সকালে ভাড়া বাড়ির দাওয়ায় রাজনীশকে অস্বাভাবিক অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয় বাড়ি মালিকের।
এরপরই তিনি পুলিশ ডাকেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেন রাজনীশের মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে রাজনীশের মৃত্যু হয়েছে তা জানতে তদন্ত শুরু করে পুলিশ। বাড়ির মালিক জানিয়েছেন, কয়েকদিন আগে রাজনীশের জ্বর হয়েছিল। অসুস্থতার কারণেই রাজনীশের মৃত্যু নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা জানতে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে বিষ্ণুপুর থানার পুলিশ।
