Boat Capsized: মর্মান্তিক! পিকনিক করতে গিয়ে নৌকাডুবি হয়ে মৃত্যু ৬ স্কুল পড়ুয়ার – Bengali News | boat capsizes in Gujarat vadodara lake died 6 students
ভদোদরার হারনি লেকে ডুবে গেল স্কুল পড়ুয়া বোঝাই নৌকা। তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল।Image Credit source: ANI
ভদোদরা: স্কুল থেকে ছাত্রছাত্রীদের পিকনিকে নিয়ে যাওয়া হয়েছিল। পিকনিকের ফাঁকে ছাত্রছাত্রীরা বোটিং করতে গিয়েই ঘটে গেল বিপত্তি! ছাত্র-ছাত্রীদের নিয়ে ডুবে গেল নৌকা। জলে ডুবে মৃত্যু হয়েছে ৬ খুদে পড়ুয়ার। বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুজরাটের ভদোদরা জেলার হারনি মোতনাথ লেকে। খবরটির সত্যতা নিশ্চিত করে শোকপ্রকাশ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।
এই খবরটিও পড়ুন
ঠিক কী ঘটেছিল?
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভাদোদরা জেলার একটি বেসরকারি স্কুলের তরফে ছাত্র-ছাত্রীদের হারনি মোতনাথ লেকে পিকনিক করতে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর ওই লেকে নৌকাভ্রমণ করতে ওঠে পড়ুয়ারা। মোট ২৭ জন ছিলেন। লেকের মাঝে গিয়ে বেসামাল হয়ে পড়ে উল্টে যায় নৌকাটি।
লেকে নৌকা ডুবে যাওয়ার পর ছাত্রছাত্রীদের খোঁজে উদ্ধারকাজে নামে দমকল বাহিনী ও উদ্ধারকারী দল। নৌকার অধিকাংশ যাত্রীকে উদ্ধার করা গেলেও প্রথমে নিখোঁজ হয়ে যায় ৬ পড়ুয়া। পরে তাদের নিথর দেহ উদ্ধার হয়। এখনও ১ পড়ুয়া নিখোঁজ। তার খোঁজে তল্লাশি চলছে। নৌকার যাত্রীদের কারও লাইফ জ্যাকেট ছিল না বলে উদ্ধারকারী দল জানিয়েছে।
#WATCH | Gujarat: A boat carrying children capsized in Vadodara’s Harni Motnath Lake. Rescue operations underway. pic.twitter.com/gC07EROBkh
— ANI (@ANI) January 18, 2024
পিকনিক করতে গিয়ে স্কুল পড়ুয়াদের মর্মান্তিক মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন গুজরাটের শিক্ষামন্ত্রী কুবের দিনদুর। ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। নৌকাডুবির ঘটনাটি হৃদয় বিদারক ঘটনা উল্লেখ করে জখম শিশু ও শিক্ষক-শিক্ষিকাদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করারও আশ্বাস দিয়েছেন তিনি।