Neeraj Chopra: দেশে ফিরলেন না নায়ক, সোনা খুইয়ে ডায়মন্ডের খোঁজে নীরজ চোপড়া – Bengali News | Neeraj Chopra Indian javelin star starts training in Germany after Paris Olympics, watch video
দেশে ফিরলেন না নায়ক, সোনা খুইয়ে ডায়মন্ডের খোঁজে নীরজ চোপড়াImage Credit source: Neeraj Chopra X
কলকাতা: নীরজ চোপড়া (Neeraj Chopra) প্যারিস থেকে দেশে কবে ফিরবেন? এই প্রশ্ন গত কয়েকদিন ধরে দেশবাসীর মনে ঘুরপাক খাচ্ছে। তাঁর অনুরাগীরা তাঁকে গ্র্যান্ড ওয়েলকাম দেওয়ার অপেক্ষায় ছিলেন। কিন্তু প্যারিস থেকে ভারতে নয়, নীরজ চোপড়া চলে গিয়েছেন এক অন্য জায়গায়। অনেকেই ভাবতে পারেন, গ্রেটেস্ট শো অন দ্য আর্থ থেকে ভারতকে পদক দেওয়ার পর ছুটি কাটাতে কোথাও গিয়েছেন নীরজ। কিন্তু তা নয়। কারণ নীরজ এক জায়গায় গিয়ে শুরু করে দিয়েছেন অনুশীলন। কোথায় গিয়ে ট্রেনিংয়ে ব্যস্ত ভারতীয় জ্যাভলিন সুপারস্টার? এত তাড়াতাড়ি কেন অনুশীলন শুরু করলেন নীরজ?
ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া এই মুহূর্তে রয়েছেন জার্মানিতে। নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে নীরজ জিম থেকে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা যায় তিনি স্ট্রেন্থ বাড়ানোর জন্য কসরত করছেন। আর দিন পাঁচেক পরই শুরু হবে লসানে ডায়মন্ড লিগ। এন্ট্রি লিস্টে অবশ্য নীরজের নাম নেই। ২০২২ সালে ডায়মন্ড লিগে হিরে জিতেছিলেন নীরজ। গত বছর তিনি ডায়মন্ড লিগে দ্বিতীয় হয়ে শেষ করেন। এ বার তাঁর লক্ষ্য ফের ডায়মন্ড। প্যারিস অলিম্পিকে সোনা খুইয়েছেন, এ বার নীরজ ডায়মন্ডের খোঁজে নামবেন।
Neeraj Chopra won a silver medal just a week back and he already started training for upcoming events..
This guy has dedication and hunger to win which is lacking in others… pic.twitter.com/EdeL3H9I8o
— Mr Sinha (@MrSinha_) August 16, 2024
খুব শীঘ্রই হবে লসানে ডায়মন্ড লিগ। সেখানে নীরজ চোপড়া নামবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। তাঁর শারীরিক অবস্থা কেমন থাকে, তা দেখেই হয়তো ডায়মন্ড লিগে নামার সিদ্ধান্ত নেবেন ২০২২ সালে ডায়মন্ড লিগের চ্যাম্পিয়ন। ৯০ মিটারের স্বপ্ন এখনও পূরণ হয়নি পানিপতের ছেলের। প্যারিস অলিম্পিকে ৮৯.৪৫ মিটার থ্রো করে রুপো পেয়েছেন নীরজ। মাত্র ০.৫৫ মিটারের জন্য ৯০ এর কাঁটা স্পর্শ করতে পারেননি নীরজ। তবে তিনি বার বার বলেছেন, তাঁর মনে হয় এখনও সেরা জ্যাভলিন থ্রো দেওয়া বাকি রয়েছে। উল্লেখ্য, ২২ অগস্ট থেকে শুরু হতে চলা লসানে ডায়মন্ড লিগে নীরজকে দেখা না গেলে, তাঁকে ডায়মন্ড লিগের সুইৎজারল্যান্ড লেগে দেখা যেতে পারে। তাও যদি না হয়, তা হলে জুরিখ ডায়মন্ড লিগে এ বছরের সেপ্টেম্বরে নীরজকে দেখা যেতে পারে।