Calcutta High Court: আদালতের নজরদারিতে হবে CBI তদন্ত, সন্দীপ ঘোষকে তুলোধনা হাইকোর্টের – Bengali News | Calcutta High Court ordered a CBI Probe in RG Kar Hospital case
সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টেরImage Credit source: Tv9 Bangla
কলকাতা: সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেছিলেন আরজি করে নির্যাতিতার পরিবারের সঙ্গে। তিনি সময় চেয়েছিলেন। রবিবার পর্যন্ত যদি রাজ্য পুলিশ কেস সলভ করতে না পারে তাহলে সিবিআই-কে এই কেস দিয়ে দেওয়া হবে। তবে রবিবারের আগেই বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
এ দিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ আরজি করের কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। আজ মামলাকারীর আইনজীবীরা বারবার সওয়াল করেন, যত সময় নষ্ট হবে তত প্রমাণ লোপাটের আশঙ্কা থাকবে। সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, সিবিআই-কে এই মামলার সব নথি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি উল্লেখ করেছেন, ‘রাইট নাও’ অর্থাৎ অবিলম্বে সিবিআই এই তদন্ত শুরু করবে। বুধবার সকাল দশটার মধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু হবে। এবং মামলার নথিপত্র আজই গোয়েন্দা আধিকারিকরা নিজেদের সংগ্রহ করবেন।
এই প্রসঙ্গে আইনজীবী কৌস্তভ বাগচী বলেন, “কোর্ট তদন্তের বেশ কিছু অংশ নিয়ে বিস্ময় প্রকাশ করেছিল। পাঁচদিন হয়ে যাওয়ার পর তদন্তের বেশি কিছু অগ্রগতি নেই। কোর্ট সন্দীপ ঘোষের ভূমিকার তীব্র সমালোচনা করেছে। রাজ্যের প্রশাসনিক কাঠামোকে ভর্ৎসনা করেছে। এই মামলার তদন্তে রাজ্য পুলিশ ফেল করেছে। তাই কোর্ট সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কোর্টের নজরদারিতে হবে এই তদন্ত। আমি আদালতে বলেছি মুখ্যমন্ত্রী নিজেও সিবিআই তদন্তের কথা বলেছেন। তবে এজলাসে দেখা গেল ভিন্ন অবস্থান। তারা সিবিআই তদন্তের বিরুদ্ধে কথা বলছে।” কৌস্তভ আরও বলেন, “মুখ্যমন্ত্রী ঘটনার পরের দিন বললেন সিবিআই-এ আপত্তি নেই। তারপর বললেন সাতদিন চাইছি। আমরা বলেছিলাম এই সাতদিন কি প্রমাণ লোপাটের জন্য? কোর্ট সব শুনেছে।”