Baranagar: পিছন থেকে গলার হারে টান, এরপর যা করল ছেলেটা… বরাহনগরে সাংঘাতিক কাণ্ড – Bengali News | Allegation woman lost her chain at barahnagar police start investigation
মায়ের সঙ্গে মেয়ে নিশা গোস্বামী।Image Credit source: TV9 Bangla
উত্তর ২৪ পরগনা: দিনেদুপুরে ডেলিভারি বয় সেজে এসে মহিলার মাথা ফাটিয়ে সোনার হার নিয়ে চম্পট দিল যুবক। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই দৃশ্য। শনিবার বরাহনগরে ঘটনাটি ঘটে। বরাহনগরের গোপাল লাল ঠাকুর রোডের বেহালা পাড়ার ঘটনা। এলাকার এক বৃদ্ধা বাজারে গিয়েছিলেন। বাজার করে বাড়ি ফিরছিলেন। বাড়ির ভিতর ঢুকেও যান। বাড়ির ভিতর সরু পথ দিয়ে যখন আসছিলেন, তখন ওই যুবক তাঁর পিছু পিছু আসেন। জানতে চান এটা বাড়ি নাকি ফ্ল্যাট।
পুলু গোস্বামী নামে ওই বৃদ্ধা জানান, এটি বাড়ি। তবে ফ্ল্যাটের মতো করেই তৈরি। ওই বৃদ্ধার মেয়ে নিশা গোস্বামী বলেন, “মা ভিতরে ঢোকার পর ছেলেটা হঠাৎ উপরের দিকে উঠে যায়। মা-ও সিঁড়ি দিয়ে উপরে উঠছিল, তখনই ও নেমে এল। এসেই মায়ের পিছন দিক থেকে ইটের ঢ্যালা দিয়ে মাথায় মারে। মা পড়ে যেতেই গলার সোনার চেন লকেট-সহ টেনে নেয়। তারপর মাকে সিঁড়ি দিয়ে হেঁচড়ে টেনে নিয়ে যায়। দেওয়ালে মাথা ঠুকে দেয়। মায়ের মাথায় সেলাই পড়েছে। মা তো পুরে রক্তে ভাসছিল। মায়ের চিৎকার শুনে বাড়ির সকলে আসায় পালিয়ে যায়। মুখ রুমাল দিয়ে ঢাকা ছিল।”
ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজে ওই যুবকের বাড়ির ভিতরে ঢোকার মুহূর্তও দেখা গিয়েছে। বরাহনগর থানার পুলিশ সেই ফুটেজ দেখে ওই দুষ্কৃতীদের খোজে তল্লাশি শুরু করেছে।