Lok Sabha Election Exit Poll: শেষে কি না তীরে এসে তরী ডুববে ছোট পর্দার ‘দিদি নম্বর ওয়ানের’? কী বলছে এক্সিট পোল – Bengali News | Lok Sabha Election Exit Poll 2024 West Bengal Rachana Banerjee Locket Chatterjee Hooghly
লকেট চট্টোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla
কলকাতা ও হুগলি: লোকসভা ভোটে বাংলার অন্যতম হাইভোল্টেজ আসন হুগলি। হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে বিজেপির লকেট চট্টোপাধ্যায়। অন্যদিকে তৃণমূলের তারকা মুখ রাজনীতিতে নবাগত রচনা বন্দ্যোপাধ্যায়। ছোট পর্দার ‘দিদি নম্বর ওয়ান’ কতটা ছাপ ফেলতে পারলেন ভোটের ময়দানে? সিনে দুনিয়ায় একদা সতীর্থ লকেটকে কি টেক্কা দিতে পারলেন রচনা? শেষ দফার ভোটগ্রহণ পর্ব শেষ হতেই বুথ ফেরত সমীক্ষার হিসেব নিকেশ তুলে ধরছে টিভি নাইন নেটওয়ার্ক। টিভি নাইন, পোলস্ট্র্যাট ও পিপলস ইনসাইট মিলিতভাবে এই বুথফেরত সমীক্ষা চালিয়েছে। বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস, হুগলিতে হারতে পারেন রচনা বন্দ্যোপাধ্যায়। যদিও বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।
বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, এবারের লোকসভা ভোটেও হুগলিতে আসন ধরে রাখতে পারে বিজেপি। এক্সিট পোলের হিসেব নিকেশ মিলে গেলে, ফের একবার লকেট চট্টোপাধ্য়ায়কেই লোকসভায় পাঠাচ্ছেন হুগলিবাসী।
লোকসভা নির্বাচনে এবারের ভোটে হুগলিতে প্রচারে একপ্রকার ঝড় তুলেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। মাটি কামড়ে পড়ে ছিলেন হুগলিতে। ঘুরে ঘুরে প্রচার করেছেন। জনসংযোগ করেছেন। জয়ের ব্যাপারে শুরু থেকেই আত্মবিশ্বাসী সুর দেখা গিয়েছিল ছোট পর্দার ‘দিদি নম্বর ওয়ানের’ গলায়। কিন্তু বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, রচনা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করে লকেট জয়ী হতে পারেন লোকসভা নির্বাচনে। যদিও বুথফেরত সমীক্ষা কোনও চূড়ান্ত ফলাফল নয়। তার জন্য অপেক্ষা করতে হবে ৪ জুন পর্যন্ত।