শেষে কি না অভিনেত্রীও! নিয়ন আলো, ছোট পোশাকে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত চলছিল রঙিন খেলা, পুলিশ যেতেই… – Bengali News | Telugu Actress Hema Among 86 Tested Positive for Drugs After Police Raid in Rave Party in Bengaluru Farm house
বেঙ্গালুরু: সূর্য ডোবা থেকে সূর্য ওঠা পর্যন্ত পার্টি। শর্ত ছিল একটাই, নেশায় না করা যাবে না। কোকেন থেকে হেরোইন, গাঁজা- নিষিদ্ধ যা মাদক চাইবে, সবই মিলবে। এভাবেই জমে উঠেছিল রেভ পার্টি। পুলিশ অভিযান চালাতেই ভেস্তে গেল সব। ১০৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। এর মধ্যে রয়েছে তেলুগু অভিনেত্রী হেমার নামও। তাঁর রক্তের নমুনাতেও মাদক মিলেছে।
চলতি সপ্তাহের শুরুতেই বেঙ্গালুরুর বাইরে একটি ফার্মহাউসে হানা দেয় পুলিশ। দেখা যায়, সেখানে রেভ পার্টি চলছে। ওই পার্টি থেকেই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। পার্টিতে উপস্থিত ১০৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সকলের রক্ত পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার বেঙ্গালুরু পুলিশ জানায়, অভিনেত্রী হেমা সহ মোট ৮৬ জনের রক্তের নমুনায় মাদক পাওয়া গিয়েছে। সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ এদের সকলকে নোটিস পাঠাবে। পুলিশের তরফেও সমন পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, ‘সানসেট টু সানরাইজ ভিকট্রি’ রেভ পার্টিতে হাজির ছিল অন্ধ্র প্রদেশ ও কর্নাটকের একাধিক হাই প্রোফাইল মানুষ। একাধিক অভিনেতা-অভিনেত্রীও ছিলেন। এদের মধ্যে দুই তেলুগু অভিনেত্রী হেমা ও আশি রয়-কে আটকও করে পুলিশ।
রেভ পার্টিতে হাজির অধিকাংশ অতিথিই মাদক সেবন করেছিল। পুলিশ সকলের মেডিক্যাল টেস্ট করায়। দেখা যায়, ৫৯ জন পুরুষ ও ২৭ জন মহিলার রক্তে মাদকের উপস্থিতি রয়েছে। রিপোর্ট পেতেই সমন পাঠানো শুরু করেছে পুলিশ।
রেভ পার্টি থেকে ১৪.৪ গ্রাম এমডিএমএ পিল, ১.১৬ গ্রাম এমডিএমএ ক্রিস্টাল, ৬ গ্রাম হাইড্রো ক্যানাবিস, ৫ গ্রাম কোকেন, কোকেনের মোড়ক লাগানো ৫০০ টাকার নোট উদ্ধার করেছে পুলিশ।