Sandeshkhali: থানা ঘেরাও, বিধায়কের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা, যুব কর্মীকে বেধড়ক ‘মারধর’, নতুন করে ফুঁসে উঠল সন্দেশখালি – Bengali News | Sandeshkhali Police station encircled, attempt to steal MLA’s phone, youth worker severely ‘beaten’, new heated Sandeshkhali
সন্দেশখালিতে বিক্ষোভ Image Credit source: TV9 Bangla
সন্দেশখালি: ভোটবঙ্গে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি। সন্দেশখালি থানার সামনে বিক্ষোভ গ্রামের মহিলাদের। ধর্ষণের অভিযোগ উড়িয়ে আরও এক নির্যাতিতার বয়ান বদলের অভিযোগ! পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সন্দেশখালির মহিলাদের। জোর করে নির্যাতিতা মহিলাদের বয়ান বদলের অভিযোগ। বিজেপির অভিযোগ, সন্দেশখালির স্থানীয় তৃণমূল নেতা দিলীপ মল্লিক নির্যাতিতাদের টাকা দিয়ে চাপ তৈরি করে বয়ান বদল করছেন। প্রসঙ্গত, গত কয়েকদিনে সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের একটি ভিডিয়ো প্রকাশ্যে এনেছে তৃণমূল। আর তা নিয়েই হইচই। বিজেপির অভিযোগ, তৃণমূল ফেক ভিডিয়ো বানিয়ে নির্যাতিতাদের বয়ান বদল করছে। দিলীপ মল্লিক নামে এক তৃণমূল কর্মী প্রভাবিত করে নির্যাতিতাদের বয়ান বদল করছেন বলে অভিযোগ তোলেন প্রতিবাদীরা।
এরই প্রতিবাদে প্রথমে মহিলারা সন্দেশখালি থানার সামনে বিক্ষোভ দেখান। এরপর সেখান থেকে একটি দল বেরিয়ে গিয়ে এক তৃণমূল নেতৃত্বের বাড়িতে চড়াও হয়। পরে জানা যায়, ওই বাড়িটি ছায়া প্রামাণিকের। সেখানেই দিলীপ মল্লিক, বিধায়ক সুকুমার মাহাতোর সঙ্গে রয়েছেন। সেখানে বৈঠক হচ্ছে। এরপর তাঁরা গ্রামের আলপথ ধরে ওই দিলীপের খোঁজে গ্রামের ওই নির্জন স্থানে পৌঁছে যান। সেখানে দিলীপ-বিধায়কের খোঁজ মেলে। তাঁদের ছায়ার বাড়ির সামনে গেটের মুখে রীতিমতো ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন প্রতিবাদীরা। তাতান নামে এক তৃণমূল যুব কর্মীর ওপর চড়ান হন মহিলারা। তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর জামা কাপড় ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ।
বিধায়ক সুকুমার মাহাতোকেও ঘিরে ধরে চলে বিক্ষোভ। এই পরিস্থিতিতে বিধায়ক নিজের মোবাইল বার করে একটি ফোন করতে যাচ্ছিলেন। দেখা যায়, সে সময়ে বিধায়কের ফোনও কেড়ে নেওয়ার চেষ্টা চলে। অভিযোগ, পরিকল্পিতভাবে রেখা পাত্র সন্দেশখালিতে নতুন করে অশান্তির পরিবেশ তৈরি করছে। বিধায়কের সামনেই তাতান নামে এক তৃণমূল কর্মীকে টেনে এনে বেধড়ক মারধর করতে থাকেন মহিলারা। বিধায়ক বলেন, “মানুষ ক্ষিপ্ত হয়েছেন। মানুষকে ভুল বোঝানো হয়েছে। বুঝাতে হবে।”
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে। পুলিশের সঙ্গেও শুরু হয় ধস্তাধস্তি।