প্রেমিকার বার্গারে কামড় বসাল বন্ধু, তারপরই…হিমস্রোত বয়ে গেল সবার শিরদাঁড়া দিয়ে – Bengali News | Pakistan Man Killed Friend for taking a bite from his Girlfriend’s Burger
করাচি: দুই বন্ধুর মধ্যে তুমুল ঝগড়া, ধুন্ধুমার। গুলি করে বন্ধুকে মেরে ফেলল আরেক বন্ধু। বন্ধুর অপরাধ কী ছিল, জানেন? সে তাঁর বন্ধুর প্রেমিকার জন্য আনা বার্গারে এক কামড় বসিয়েছিল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। করাচিতে এক যুবক তাঁর বন্ধুকে গুলি করে খুন করে। জানা গিয়েছে, মৃত যুবকের নাম আলি কিরিও। তিনি সেশন আদালতের বিচারপতির ছেলে। অন্যদিকে অভিযুক্ত যুবকের নাম ড্যানিয়েল। সে আবার সিনিয়র পুলিশ সুপারিন্টেন্ডেন্টের ছেলে।
জানা গিয়েছে, ড্যানিয়েল তাঁর প্রেমিকা সাজিয়াকে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিল। সেখানে উপস্থিত ছিল ড্যানিয়েলের বন্ধু কিরিও ও তাঁর ভাই-ও। প্রেমিকা ও নিজের জন্যই বার্গার অর্ডার করেছিল ড্যানিয়েল। কিন্তু কিরিও হঠাৎ এসে তাঁর প্রেমিকার বার্গার থেকে এক কামড় খেয়ে নেয়। এতেই রেগে যায় ড্যানিয়েল।
বন্ধুর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। তার মাঝেই হঠাৎ ড্যানিয়েল বাড়ির নিরাপত্তারক্ষীর রাইফেল কেড়ে নিয়ে কিরিও-কে গুলি করে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। অভিযুক্তকে খুনের অভিযোগে আটক করেছে পুলিশ।