পদ্মা সেতু অবরোধ ঘিরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ! গুলিতে নিহত ১ - 24 Ghanta Bangla News
Home

পদ্মা সেতু অবরোধ ঘিরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ! গুলিতে নিহত ১

Spread the love


ঢাকা: বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা এবার চরমে উঠল পদ্মা সেতু সংলগ্ন এলাকায়। (BNP Awami League)শরীয়তপুরের জাজিরায় বিএনপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় প্রাণ হারালেন একজন। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। শনিবার ভোরে নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ের কাছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ বাধে।

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে একের পর এক ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অন্তত ১২ থেকে ১৩টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের কয়েকটি তাঁবু এবং একটি রেস্তোরাঁতেও অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষের জেরে প্রায় ৪৫ মিনিট পদ্মা সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও দেখুনঃ বাংলাদেশ দখলের মন্তব্যে চাইতে হবে ক্ষমা! অর্জুনের বিরুদ্ধে মিছিল বাংলাদেশে

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের কয়েকশো নেতাকর্মী ও সমর্থক নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ের কাছে এক্সপ্রেসওয়েতে জড়ো হন। (BNP Awami League)তাঁদের কর্মসূচির কারণে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। অন্যদিকে, ওই কর্মসূচি প্রতিহত করতে শনিবার রাত থেকেই বিএনপি এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এলাকায় অবস্থান করছিলেন। দুই পক্ষের মুখোমুখি অবস্থান থেকেই ধীরে ধীরে উত্তেজনা বাড়তে শুরু করে। একসময় তা সংঘর্ষের রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এরপর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। উভয় পক্ষের মধ্যে ককটেল বিস্ফোরণ এবং গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের কয়েকজনের দাবি, প্রায় ১০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ককটেল বিস্ফোরণ চলতে থাকে। তাঁদের হিসাব অনুযায়ী, সংঘর্ষ চলাকালীন প্রায় ৩০০ থেকে ৪০০টি ককটেল বিস্ফোরিত হয়েছে। যদিও এই সংখ্যার সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি। বিস্ফোরণের শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ এবং পথচারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

এই সংঘর্ষেই গুলিবিদ্ধ হয়ে যুবলীগ কর্মী ইব্রাহিম সিপাহীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে পুলিশের পক্ষ থেকে প্রথমে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানানো হয়। ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের শরীরে গুলির আঘাত লেগেছে বলে জানা গিয়েছে।

আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংঘর্ষের সময় বিএনপির নেতাকর্মীদের কয়েকটি অস্থায়ী তাঁবুতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। যদিও অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজের দেওয়া তথ্য অনুযায়ী, অন্তত ১২ থেকে ১৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।

এদিকে, নাওডোবা এলাকায় পদ্মা সেতুর সার্ভিস সড়কের পাশে থাকা ফুড এক্সপ্রেস নামের একটি রেস্তোরাঁতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। অগ্নিকাণ্ডে রেস্তোরাঁর আসবাবপত্র-সহ ভিতরে থাকা বিভিন্ন সামগ্রী পুড়ে নষ্ট হয়ে যায়। ফলে রাজনৈতিক সংঘর্ষের পাশাপাশি ব্যাপক সম্পত্তির ক্ষয়ক্ষতিও হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের সময় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তিনি সেখানে অবস্থান করছিলেন। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পরে তিনি দলীয় কর্মীদের নিয়ে এলাকা ছেড়ে চলে যান।

পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। (BNP Awami League)বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জানান, লকডাউনকে কেন্দ্র করে এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য আগে থেকেই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।

কিন্তু শনিবার সকালে টোল প্লাজার কিছুটা দূরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সমর্থকেরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। সেই সময় মোটরসাইকেল এবং একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *