Jhilam Gupta: 'আমার জন্মটাই পাপ, রোজ মৃত্যুর কামনা...', বিগ বস থেকে ফিরে অবসাদে ঝিলম? | Jhilam Gupta Shares Emotional Post on Mental Health and Social Media Trolling After Bigg Boss Bangla - 24 Ghanta Bangla News
Home

Jhilam Gupta: ‘আমার জন্মটাই পাপ, রোজ মৃত্যুর কামনা…’, বিগ বস থেকে ফিরে অবসাদে ঝিলম? | Jhilam Gupta Shares Emotional Post on Mental Health and Social Media Trolling After Bigg Boss Bangla

Spread the love

Jhilam Gupta: 'আমার জন্মটাই পাপ, রোজ মৃত্যুর কামনা...', বিগ বস থেকে ফিরে অবসাদে ঝিলম?

কী বলেছেন তিনি?

শরীরের কষ্ট ধীরে ধীরে কমছে ঠিকই, কিন্তু মনের ভেতরটা যেন প্রতিদিন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। অপারেশনের ধাক্কা সামলে কাজে ফিরলেও একদমই ভালো নেই ইনফ্লুয়েনসার ঝিলম গুপ্ত (Jhilam Gupta)। পিত্তথলিতে পাথর হওয়ার কারণে মাঝপথেই ছাড়তে হয়েছিল বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ঘর। ভক্তরা ভেবেছিলেন, হাসপাতাল থেকে ফিরে তিনি এখন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। অপারেশনের পর সব ঠিক হয়ে যাবে বলে ভেবেছিলেন ঝিলম নিজেও। কিন্তু সম্প্রতি সোশাল মিডিয়ায় তাঁর একটি মনখারাপ করা লেখা সামনে আসতেই চমকে গিয়েছেন সবাই। কী এমন ঘটল ঝিলমের জীবনে?

কী বলেছেন তিনি?

ঝিলম জানিয়েছেন, সোশাল মিডিয়া না থাকলে তিনি কোনওদিন জানতেই পারতেন না এই পৃথিবীতে তাঁর জন্য এত ঘৃণা জমা হয়ে আছে। তাঁর যেকোনও ভিডিয়োতে রোজ শয়ে শয়ে মানুষ এসে কুরুচিকর মন্তব্য করছেন। ঝিলমের কথায়, “কমেন্টে মনে করিয়ে দিয়ে যান, আমি মানুষটা জন্ম নিয়েই পাপ করে ফেলেছি। অনেকে আমার মৃত্যু কামনা করেন।” এসব পড়তে না চাইলেও বারবার চোখে পড়ে যায়। তখন চোখ ফেটে জল আসে, নিজেকে বড্ড অসহায় লাগে তাঁর। ঝিলমের আক্ষেপ, তিনি চোর বা ডাকাত নন, কারও কোনও ক্ষতিও করেননি। শুধু একটি রিয়্যালিটি শোয়ে গিয়েছিলেন, যেখানে অনেকের তাঁকে পছন্দ হয়নি। আর সেই কারণেই আজ তাঁকে এমন ভয়াবহ আক্রমণের মুখে পড়তে হচ্ছে।

এই ঘৃণার আঁচ গিয়ে পড়েছে তাঁর পরিবারেও। ঝিলমের বাবাও ওই সব কমেন্ট পড়েন। তাই সব সময় একটা চাপা ভয়ে থাকেন তিনি, এই বুঝি বাবা ওসব নিয়ে কথা শুরু করবেন, যার ফল মোটেও ভালো হবে না! এমনিতেই হাই প্রেশার ও হার্টের ওষুধ খান ঝিলম। তার ওপর সবে অপারেশন হয়েছে। তবুও এর মধ্যেই কাজ শুরু করেছেন, মুখে হাসি ধরে রাখার চেষ্টাও করছেন। কিন্তু ভেতরে ভেতরে যে মানসিক অবসাদ তাঁকে ঘিরে ধরছে, তা স্পষ্ট বুঝতে পারছেন তিনি। কাছের মানুষেরা থেরাপিস্টের কাছে যাওয়ার পরামর্শ দিলেও এখনও যাওয়া হয়ে ওঠেনি তাঁর। মনের এই গভীর ক্ষত আদৌ রোগের পর্যায়ে পৌঁছেছে কি না, তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না ঝিলম।

কার কথায় ফিরল মনের জোর?

তবে এত অন্ধকারের মাঝেও ঝিলমের মন ভালো করে দিয়েছেন এক সাধারণ মানুষ, শ্রীরামপুরের পরিচিত মুখ ‘কাজল কাকা’। সম্প্রতি বাড়ি ফেরার সময় তাঁর রিকশায় উঠতেই বড় নরম গলায় কাকা জানতে চান, “আজ এত দেরিতে ফিরলি?” বাড়ির সামনে নামিয়ে দিয়ে হাসিমুখে জানান, ঝিলমের কথা মতো তিনি এখন ঠিকঠাক খাওয়াদাওয়া করছেন। ঝিলমও হেসে তাঁকে ভালো করে খেয়ে ‘বিন্দাস’ থাকতে বলেন। কাজল কাকার এই সামান্য খোঁজ নেওয়ার মায়াতেই যেন বদলে গেল তাঁর ভাবনা। আবেগঘন ঝিলম লিখলেন, “মনে হল, যাক, সবাই আমায় ঘেন্না করে না। কিছু লোক আজও মন থেকে আমার ভালো চায়। কিছু মানুষের কাছে আমি পাপ নই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *