‘সার’–এ নাম বাদ, টলিপাড়ার ভোটদানেও বঞ্চিত ৪২৬ জন
গত ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর দীর্ঘদিন বাদে টলিপাড়ার বিভিন্ন গিল্ডের ভোট হয়। ফেডারেশনের (ডিরেক্টর গিল্ড বাদে) মোট ৬৮৯৫ জন সদস্যের মধ্যে স্ক্রুটিনির পরে ৪৮৪০ জনকে বৈধ ভোটার ঘোষণা করা হয়। প্রয়োজনীয় নথির অসঙ্গতি বা জমা না দেওয়ার কারণে বাতিল বা ‘অযোগ্য’ হন ২০৫৫ জন। এর মধ্যে ১৬২৯ জন তাঁদের এপিক কার্ড জমা দিতে পারেননি। আর বাকি ৪২৬ জনের ‘সার’ প্রক্রিয়ায় নাম বাদ পড়ায় তাঁদের ভোটাধিকার বাতিল করা হয়। স্টুডিয়োপাড়ায় বিভিন্ন কর্মী সংগঠন বা গিল্ড রয়েছে। যেমন ক্যামেরা ম্যান, মেকআপ আর্টিস্ট ইত্যাদি। জানা গিয়েছে, মিউজিশিয়ান গিল্ডের ৭ জন, এডিটর গিল্ডের ২০ জন, ড্যান্সার গিল্ডের ৬১ জন, জুনিয়র আর্টিস্ট গিল্ডের ২ জন ভোট দিতে পারেননি, কারণ ‘সার’–এ তাঁদের নাম কাটা পড়েছিল। কোনও কোনও মহল থেকে টলিপাড়ার ভোটে প্রায় ৪০০০ সদস্যকে অন্যায় ভাবে বাদ দেওয়ার অভিযোগ উঠলেও টলিপাড়ার গিল্ডগুলির বর্তমান নেতৃত্বের দাবি, এই অভিযোগ ভিত্তিহীন। কারণ, ফেডারেশনের সরকারি রেকর্ডে ৬৮৯৫ জনের অতিরিক্ত ৪০০০ সদস্য ছিলেন না। বরং এ বার গণতান্ত্রিক নিয়মে ২৩টি গিল্ডে ২৬২টি আসনে মোট ৪২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যা ফেডারেশনের ভোটের ইতিহাসে নজির। ফেডারেশনের অ্যাক্টিং প্রেসিডেন্ট জয়ন্ত কুণ্ডুর দাবি, রাজ্য সরকার ও কলকাতা পুলিশের কড়া নজরদারিতে স্বচ্ছতার সঙ্গে নির্বাচন সম্পন্ন হয়েছে। আর নানা কারণে ভোটদান করতে না–পারা কোনও সদস্যই যাতে কোনও ভাবে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন, সে জন্যে ইতিমধ্যে লেবার ইউনিয়নের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।