বাজি বাজারে আগুন নেভাতে কোরিয়ার অত্যাধুনিক জলকামান

কলকাতা: শহরের বাজি বাজারে এ বার বাড়তি নিরাপত্তার (Kolkata Fire Safety) ব্যবস্থা করল দমকল বিভাগ। ময়দানের শহিদ মিনার চত্বরে আয়োজিত বাজি বাজারে আগুন নেভানোর জন্য…
কলকাতা: শহরের বাজি বাজারে এ বার বাড়তি নিরাপত্তার (Kolkata Fire Safety) ব্যবস্থা করল দমকল বিভাগ। ময়দানের শহিদ মিনার চত্বরে আয়োজিত বাজি বাজারে আগুন নেভানোর জন্য মোতায়েন করা হয়েছে দক্ষিণ কোরিয়ায় তৈরি দুটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় জলকামান। দেখতে অনেকটা আধুনিক অ্যাসল্ট রাইফেলের মতো হলেও এগুলি আসলে শক্তিশালী জল ছোড়ার যন্ত্র। ১০০ মিটাaরেরও বেশি দূরত্বে জলের প্রবল ধারা পৌঁছে দিতে পারে এই যন্ত্রগুলি।
চলতি বছরের গোড়ায় যন্ত্র দুটি কেনার পর এই প্রথম কোনও বড় জনসমাগমের অনুষ্ঠানে সেগুলি ব্যবহার করছে দমকল বিভাগ। বাজি বাজারের মতো জায়গায় অগ্নিকাণ্ডের ঝুঁকি বেশি থাকায় দূর থেকে আগুন নিয়ন্ত্রণে এই প্রযুক্তি কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে।
কীভাবে কাজ করবে কোরিয়ার জলকামান?
দমকলের একটি সূত্র জানিয়েছে, দমকলের ইঞ্জিন থেকে পাইপের মাধ্যমে এই যন্ত্রগুলিতে জল সরবরাহ করা হয়। এরপর শক্তিশালী জলধারা সরাসরি আগুনের দিকে ছুড়ে দেওয়া যায়। যন্ত্রগুলি স্ট্যান্ডের উপর বসানো থাকে। প্রয়োজন অনুযায়ী এর নল ডান-বাঁ দিকে ঘোরানো যায়, আবার উপর-নীচেও কাত করা সম্ভব।
আগুনের অবস্থান বুঝে জলের ধারা ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার পর যন্ত্রটির অবস্থান নির্দিষ্ট করে লক করে দেওয়া যায়। ফলে দমকলকর্মীদের সারাক্ষণ যন্ত্রটি ধরে রাখতে হয় না। একবার জল ছোড়ার দিক ঠিক করে দিলে সেটি একটানা জল ছড়াতে পারে। এই সময় দমকলকর্মীরা অন্য জরুরি কাজে মনোযোগ দিতে পারবেন।
১০০ মিটারের বেশি দূরত্বে জল পৌঁছনোর ক্ষমতা থাকায় আগুনের খুব কাছে না গিয়েও তা নিয়ন্ত্রণের চেষ্টা করা সম্ভব। বিশেষ করে বাজি বা আতশবাজিতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে দমকলকর্মীদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে এই ব্যবস্থা সাহায্য করতে পারে।
বাজি বাজারে কড়া নিরাপত্তা দমকলের
বড়বাজার ফায়ারওয়ার্কস ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শান্তনু দত্ত জানিয়েছেন, এ বার দমকল বিভাগ আগেভাগেই নিরাপত্তার ব্যবস্থা করেছে। প্রায় ৩০ জন দমকলকর্মী ময়দান চত্বরে টহল দিচ্ছেন। গোটা মাঠের বিভিন্ন জায়গায় জলের পাইপ বিছিয়ে রাখা হয়েছে।
এ ছাড়াও বাজির স্টল এবং মাঠের কেন্দ্রীয় অংশে ১০০টিরও বেশি বহনযোগ্য অগ্নিনির্বাপক যন্ত্র রাখা হয়েছে। ফলে কোথাও আগুন লাগলে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।
বাজি বাজারে বিপুল পরিমাণ আতশবাজি ও দাহ্য সামগ্রী থাকায় ছোট আগুন থেকেও বড় বিপদ তৈরি হতে পারে। সেই ঝুঁকি মাথায় রেখেই এ বার প্রচলিত অগ্নিনির্বাপক ব্যবস্থার পাশাপাশি কোরিয়ার তৈরি স্বয়ংক্রিয় জলকামান ব্যবহার করছে দমকল বিভাগ।
The latest news from Kolkata, including traffic updates, civic issues, weather, accidents, administrative decisions, and other important information for daily life, is published in this section. Stay tuned regularly to keep up with all the latest updates from the city.