মুখ্যমন্ত্রী ঘুরে যাওয়ার পরেই বদলি ১৫ কর্মী-আধিকারিক
যদিও বিষয়টিকে রুটিন ট্রান্সফার এবং নিজস্ব বিষয় বলে মন্তব্য করেছেন পুর কমিশনার বন্দবাসি তেজা দীপক। তিনি বলেন, ‘এটা একেবারেই পুরসভার অভ্যন্তরীণ বিষয়। এর সঙ্গে মুখ্যমন্ত্রীর পুরসভায় আসার কোনও সম্পর্কে নেই।’ নাম প্রকাশে অনিচ্ছুক পুরসভার এক আধিকারিক বলেন, ‘হঠাৎ কী কারণে এই বদলির নির্দেশিকা জানি না। তবে এ নিয়ে অনেকের মধ্যে ক্ষোভ রয়েছে।’ মঙ্গলবার শিলিগুড়িতে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর হঠাৎই তিনি শিলিগুড়ি পুরসভায় এসে উপস্থিত হন। প্রথমবার কোনও মুখ্যমন্ত্রী পুরসভায় উপস্থিত হওয়ায় জল্পনা শুরু হয়। পুরসভায় এসে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। সংবাদমাধ্যমের সামনেই অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের একাংশের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিতে বলেন। কিন্তু শুভেন্দু ঘুরে যাওয়ার পরের দিনই বদলির ঘটনা ঘটল। ১৫ জন স্থায়ী কর্মী-আধিকারিককে বদলি করা হলো। আগে থেকেই এই বদলি সংক্রান্ত বিষয় নিয়ে পুরসভায় কানাঘুষো চলছিল। সূত্রের খবর, পুরসভার দুই আধিকারিকের অঙ্গুলিহেলনেই ১৫ জনকে বদলি করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পদস্থ কর্তা বলেন, ‘বদলির অর্ডার ইস্যু হওয়ার আগে শীর্ষ আধিকারিকদের কাছে লিখিত সুপারিশ পাঠাতে হয়। কিন্তু এক্ষেত্রে একাধিক বিভাগীয় ইনচার্জকে না জানিয়ে সেই সুপারিশ পাঠিয়ে দেওয়া হয় উপর মহলে। এমনকী, বুধবার সকালে একজন বিভাগীয় ইনচার্জকে দরজা বন্ধ রেখে কার্যত জোর করে বদলির সুপারিশের কাগজে সই করানো হয়।’