সরকারি চাকরির জন্য কার কাছে জোরদার প্রস্তুতি নিয়েছেন পঙ্কজ?
কথায় বলে, ‘যে যা চায়, সে তা পায় না।’ ভাগ্যের পরিহাস হয়তো একেই বলে। যারা অভিনয়ের জন্য প্রাণপন চেষ্টা করে যায় বছরের পর বছর, তারা সুযোগ পায় না। আবার কেউ কেউ অন্য পেশায় হয়তো সুযোগ না পেয়ে অভিনয়ই করে যান। সেই তালিকায় অন্যতম অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা একটা সময়ে।
সম্প্রতি, একটি শোয়ে নিজের জীবনের এই অজানা ঘটনা তুলে ধরলেন পঙ্কজ ত্রিপাঠী। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর যে নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে, সেখানে পঙ্কজ ত্রিপাঠী জানান, তাঁর সঙ্গে শিক্ষাবিদ বিকাশ দিব্যকীর্তির একটি ক্লাসরুমে প্রথমবার দেখা হয়েছিল। যা শুনে ততক্ষণাৎ কপিলের প্রশ্ন, আপনিও কি ইউপিএসসি-র প্রস্তুতি নিচ্ছিলেন?
সেখানেই পঙ্কজ জানান, সরকারি চাকরির প্রস্তুতি নিতে চেয়েছিলেন। তবে সেটা হয়নি। অভিনয় জীবন বেছে নিয়েছেন অভিনেতা। তাঁর কথা শুনে মজা করে জাকির খান বলেন, ‘খারাপ লাগবে হয়তো শুনতে, তাও বলছি, বিকাশ স্যরের সঙ্গে বহুবার ঘুমিয়েছি।’ যা শুনে হেসে ওঠেন সকলে।
শোয়ের ট্রেলারে দেখা গিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে নকল করেছেন কমেডিয়ান সুনীল গ্রোভার। যেখানে তাঁর নানা কাণ্ডকারখানা মন ছুঁয়েছে দর্শকের।