রাজা-মধুবনীর সুখের গার্হস্থ্য হিংসের অভিযোগ! প্রকাশ্যে মারধরের ভিডিয়ো – Bengali News | What has happened between raja goswami and madhubani goshwami
টেলিভিশনে পাওয়ার কাপল তাঁরা। কথা হচ্ছে মধুবনী গোস্বামী ও রাজা গোস্বামী। বিবাহিত জীবনের বেশ কিছু বছর পার হলেও তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে আজও হয় চর্চা। এতটাই মিষ্টি তাঁদের সম্পর্ক যে উদাহরণও দেওয়া হয় তাঁদের। সেই পরিবারেই নাকি গার্হস্থ্য হিংসে! শুধু কি তাই? প্রকাশ্যে এসেছে মারধরের ভিডিয়োও। কী ভাবছেন এমনটা কী করে সম্ভব? কী এমন হল যে উঠল এ হেন গুরুত অভিযোগ? ব্যাপারটা তবে একটু খুলেই বলা যাক।
একটি ভিডিয়ো পোস্ট করেছেন রাজা। সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে গার্হস্থ্য হিংসে হচ্ছে বোঝাতে ঠিক কী মুদ্রা করতে হয় সে ব্যাপারে টিউটোরিয়াল দিচ্ছেন মধুবনী। হাতের পাঁচটা আঙুল মুঠো করে এক মুদ্রা করলেই তা গার্হস্থ্য হিংসে বোঝায়। সেটিই সকলকে বুঝিয়ে দিচ্ছিলেন অভিনেত্রী। পিছনেই ছিলেন রাজা, গার্হস্থ্য হিংসের জন্য যে ‘সাইন’ টির কথা বলছিলেন মধুবনী, হঠাৎই দেখা যায় রাজাও একই সাইন করছেন! প্রথমটায় বুঝতে পারেননি মধুবনী। তবে অল্প সময়ের মধ্যেই পরিষ্কার হয় সবটা। তিনি বুঝতে পারেন, রাজা আদপে বোঝাতে চাইছেন নিজের পরিবারেই লুকিয়ে বিপদ! তিনি নাকি গার্হস্থ্য হিংসের শিকার। ব্যস, আর চুপ করে থাকেননি মধুবনী। কপট রাগে রাজাকে মারতে থাকেন কিল, চড়, ঘুষি। তবে চিন্তা করবেন না, এ স্বামী-স্ত্রীর খুনসুটি ছাড়া আর কিছুই নয়। দু’জনের বন্ধন খুবই মজবুত। একসঙ্গে ভালই আছেন তাঁরা।
বিবাহিত জীবনের অনেকগুলো অধ্যায় পার করে ফেলেছেন ওঁরা। বছর কয়েক আগে কোল জুড়ে এসেছে ছেলে কেশব। এই মুহূর্তে অভিনয় থেকে খানিক দূরেই আছেন মধুবনী। তাঁর সবটাই কেশবকে ঘিরে। তবে এ নিয়ে একেবারেই আফসোস নেই তাঁর। ভাল আছেন তিনি। আছেন ভালবাসায়।