লোগো বদল, বদলে গেল উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু, নতুন রূপে এবছরের কলকাতা চলচ্চিত্র উৎসব
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার লঞ্চ হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) লোগো। লোগো লঞ্চ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হল ৩২ তম কিফ-এর। এই…
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার লঞ্চ হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) লোগো। লোগো লঞ্চ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হল ৩২ তম কিফ-এর। এই অনুষ্ঠানে ছিল একাধিক চমক। রাজ্যে সরকার বদলের পর চলচ্চিত্র উৎসবেও বদলের ছায়া। নতুন লোগো, নতুন নেতৃত্ব…বদলে গেল উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু।
সরকারের পালাবদলের পর এই বছরের চলচ্চিত্র উৎসবে বড় চমক থাকছে অতিথি তালিকায়। উদ্বোধনী মঞ্চে থাকবেন রজনীকান্ত, প্রভাস, অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, অনুপম খের, পরেশ রাওয়াল, জনি লিভার, কঙ্গনা রানাওয়াতের মতো তারকারা। এছাড়া থাকবেন অনুরাগ বসু, মধুর ভাণ্ডারকরের মতো বিশিষ্ট পরিচালকেরাও।
এবারের চলচ্চিত্র উৎসবে রয়েছে আরও বড় চমক। কিফ-এর চেয়ারপার্সনের দায়িত্বে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উৎসবের মুখ্য উপদেষ্টা মিঠুন চক্রবর্তী। রবিবারের এই অনুষ্ঠানে প্রসেনজিৎ ও মিঠুনের পাশাপাশি উপস্থিত ছিলেন জিৎ, হিরণ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ। উপস্থিত ছিলেন ডক্টর সৌমিত্র মোহন, নন্দনের সিইও এবং কিফ ডিরেক্টর শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়।
আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে ৩২ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বদল আনা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু-র ক্ষেত্রে। এবারের ভেন্যু ভিক্টোরিয়া মেমোরিয়াল। রবিবার এই অনুষ্ঠানে অভিনেতা জিৎ ঘোষণা করেন এবারের ‘ফোকাস কান্ট্রি’ হিসেবে আয়ারল্যান্ডের নাম।
বদলে গিয়েছে কিফ-এর পুরনো লোগো। নতুন লোগো ডিজাইন করেছেন পরিচালক সন্দীপ রায়। উৎসবের সিগনেচার বা থিম ফিল্মও তৈরি করছেন তিনি। উল্লেখ্য, প্রতিটি ছবি শুরুর আগে স্ক্রিনে দেখানো হয় এই থিম ফিল্ম। উৎসবের থিম মিউজিক বানাচ্ছেন রাতুল শঙ্কর।

এবারের এই উৎসব সম্পর্কে চেয়ারপার্সন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এদিন বলেন, “আন্তর্জাতিক মানের মানুষদের ডাকার চেষ্টা হচ্ছে, যা আগে কখনও হয়নি।” ডেলিগেট হিসেবে ছবি দেখতে চান যারা তাদের জন্য কার্ড এনরোলমেন্ট পর্ব শুরু হবে আগামী ৫ নভেম্বর থেকে। ডেলিগেট কার্ডের জন্য আবেদন করা যাবে কিফ-এর নিজস্ব ওয়েবসাইট (www.kiff.in)-এ গিয়ে।